প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৮:৪৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধর্মপাশা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান উজ্জ্বলের সমর্থনে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ধর্মপাশা গ্রামের বাচ্চু মিয়ার বাড়ির সামনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গ্রামের জ্যেষ্ঠ নাগরিক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজহারুল হক। স্বাগত বক্তব্যে মেহেদী হাসান উজ্জ্বল গ্রামের সর্বস্তরের মানুষের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত গ্রামবাসীরা হাত তুলে তার প্রতি সমর্থন জানান। গ্রামের একমাত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাকে ঘিরে স্থানীয়দের এই সমর্থন সভায় বিশেষ গুরুত্ব পায়।
সভায় জুবায়ের আলম আলামিনের পরিচালনায় উজ্জ্বলকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন বাবর আলী, আব্দুল মালেক, রেহান উদ্দিন, গোলাম সোবাহানী পিকে, আব্দুল লতিফ, হায়দার জাহান খান পাঠান, ফারুক আহমেদ, ছাইনুর হক জিলানী, এনায়েত কবির।
মেহেদী হাসান উজ্জ্বল উপজেলা যুবদলের আহ্বায়ক। তিনি সদর ইউনিয়নে তিনবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। এ ছাড়া দুই মেয়াদে জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ধর্মপাশা গ্রামের মানুষের এই সমর্থনকে নিজের নির্বাচনী পথচলায় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মেহেদী হাসান উজ্জ্বল।
উপজেলার খবর থেকে আরো পড়ুন