প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ২২:৫০
টাঙ্গুয়ার হাওরের নজরখালি হতে হাতির গাতা পর্যন্ত দাইর (নালা) খননের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। গত শুক্রবার দিনভর হাওরের বিভিন্ন এলাকা ঘুরে তারা সম্ভাব্য খননযোগ্য বিল, দাইর ও নালার বর্তমান অবস্থা সরেজমিনে দেখেন।
প্রতি বছর বর্ষায় মেঘালয় পাহাড় থেকে পাহাড়ি ঢলের সাথে নেমে আসা পলিমাটিতে ভরাট হয়ে যাচ্ছে টাঙ্গুয়ার হাওরের বিলগুলো। এতে দিন দিন কমে যাচ্ছে হাওরের পানি ধারণক্ষমতা। শুকনো মৌসুমে অনেক বিলে পানি থাকে না, ব্যাহত হচ্ছে মাছের প্রজনন ও বিচরণ। এ অবস্থা থেকে উত্তরণে ভরাট বিলগুলো পুনঃখননের মাধ্যমে পলি অপসারণ ও জলাভূমির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘টাঙ্গুয়ার হাওর জলাভূমি প্রতিবেশ ব্যবস্থাপনা প্রকল্প’ এর আওতায় এ উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের মাধ্যমে হাওরের নির্ধারিত কিছু অংশ পুনঃখননের মাধ্যমে পলি অপসারণ করে বিলের প্রতিবেশ পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে। শুধু খনন নয়, খননের পর হাওরের পরিবেশ যাতে অক্ষুণ্ন থাকে, সে বিষয়টিও গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
(2).jpg)
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা সম্ভাব্য বিলগুলোর বর্তমান অবস্থা, পলি জমে ভরাট হওয়ার পরিস্থিতি এবং পুনঃখননের উপযোগিতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। কোন বিলে কতটুকু পলি জমেছে, কোন দাইর দিয়ে পানি চলাচল বন্ধ হয়ে গেছে, কোথায় খনন করলে বেশি সুফল পাওয়া যাবে, এসব বিষয় খুঁটিয়ে দেখেন তারা।
এ সময় স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন কর্মকর্তারা। বিশেষ করে খননের মাধ্যমে উত্তোলিত পলি কোথায় রাখা হবে এবং কিভাবে পরিবেশসম্মত ব্যবস্থাপনা করা সম্ভব, সে বিষয়েও স্থানীয়দের মতামত ও পরামর্শ নেওয়া হয়। পাশাপাশি বিলগুলোর অতীত অবস্থা, বর্তমান সমস্যা এবং পুনরুদ্ধারের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়। স্থানীয়রা বলেন, সঠিকভাবে খনন করা হলে হাওরে আবার মাছের উৎপাদন বাড়বে, জেলেদের জীবিকা ফিরবে এবং বর্ষায় পানি প্রবাহ স্বাভাবিক হবে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হোসাইন উদ্দিন সিদ্দিকী, উপ—প্রধান প্রকৌশলী মো. বেলাল উদ্দিন বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী মীর আবুল হাসেম, নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন এবং উপ—বিভাগীয় প্রকৌশলী মো. বদরুল ইসলাম, উপ—বিভাগীয় প্রকৌশলী রনি দাশ, উপ—সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন টাঙ্গুয়ার হাওর জলাভূমি প্রতিবেশ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ ইফতেখার হোসেন এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ ও সাইফুল চৌধুরী।
পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন বলেন, টাঙ্গুয়ার হাওরের নজরখালী হতে হাতিরগাতা পর্যন্ত নালা, রুপাভূই বিল, রউয়্যা বিল খননের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের লোকজন আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে খনন কাজের সম্ভাব্যতা যাচাই করেছে। স্থানীয় উপকারভোগীদের নিয়ে মতবিনিময় হয়েছে। খননকাজ করলে মাছের বংশবৃদ্ধি কেমন হবে, খননের মাঠি কোথায় রাখা হবে, ধান উৎপাদনে কোন ক্ষতি হবে কি না এসব বিষয়ে মতবিনিময় হয়েছে। এসকল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে পরিবেশ অধিদপ্তর পানি উন্নয়ন বোর্ডকে দিয়ে খনন কাজটি করাবে।
সিএনআরএস তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ বলেন, টাঙ্গুয়া হাওরের ভরাট হয়ে যাওয়া বিলগুলো পরিকল্পিতভাবে পুনরুদ্ধার করা গেলে হাওরের পানি ধারণক্ষমতা, মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র এবং সামগ্রিক জলাভূমির জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে পুনঃখননের পাশাপাশি উত্তোলিত পলি পরিবেশসম্মত উপায়ে ব্যবস্থাপনা এবং হাওরের প্রাকৃতিক প্রতিবেশ সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
স্থানীয়রা আশা করছেন, পরিদর্শনের পর দ্রুত খনন কাজ শুরু হলে টাঙ্গুয়ার হাওর আবার তার হারানো রূপ ফিরে পাবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন