তৈরি পোশাক খাতের অস্থিরতা দূরিকরণে দ্রুত পদক্ষেপ নিন

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ২১:০১

বাংলাদেশ থেকে তৈরি পোশাকের ক্রয়াদেশ অন্যত্র স্থানান্তরিত হওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। গতকাল দৈনিক সমকালে প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায়, গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বিদেশি ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে। তৈরি পোশাক মালিকদের বরাতে এই খবর প্রকাশিত হয়েছে। দেশের শিল্প উৎপাদনের ৪০ শতাংশ কর্মসংস্থান তৈরি হয় এই খাতে। অন্যদিকে মোট রপ্তানি আয়ের প্রায় আশি শতাংশ আসে তৈরি পোশাক থেকে। বাংলাদেশের সবচাইতে বৃহত্তর উৎপাদন খাত এই শিল্প। দেশের কর্মসংস্থানেরও সবচাইতে বড় জোগানদাতা এই শিল্প। অতিরিক্ত জনসংখ্যার এই দেশে বেকারত্ব ও দারিদ্র্য দূর করতে তৈরি পোশাক খাতের ভূমিকা সুবিদিত। এই খাতের যেকোনো বিপর্যয় জাতীয় বিপর্যয়ের শামিল হিসেবে গণ্য হয়। তাই সরকার ও জনগণ সর্বদা তৈরি পোশাক খাতে স্থিতিশীলতা ও অগ্রগতি দেখতে চায়। সরকার সকল সময় এই শিল্পের সহায়তায় সব ধরনের নীতি, আর্থিক ও বাস্তব সহায়তা দিয়ে থাকে। তবে এই খাতে মাঝে মধ্যেই অসন্তোষ লক্ষ্য করা যায়। বিশেষ করে শ্রমিকদের বেতন পরিশোধজনিত বিলম্বের কারণে প্রায়শঃ বিভিন্ন ফ্যাক্টরিতে শ্রমিক বিক্ষোভ দেখা যায়। এর বাইরে নির্দিষ্ট সময় অন্তর শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণার দাবিতেও শ্রমিকদের রাস্তায় নামতে হয়। সম্প্রতি তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে তীব্র শ্রমিক অসন্তোষ চলমান। শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ প্রদর্শনসহ সড়ক অবরোধ করে সহিংসতায়ও নেমেছেন। ২০২৬ সনের ডিসেম্বর থেকে শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা হওয়ার বিষয় আগে থেকেই জানা ছিলো। কিন্তু যথাসময়ে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সময়মতো গঠন করা হয়নি মজুরি বোর্ড। শ্রমিকদের আন্দোলনের তীব্রতা বাড়ার পর সরকার তড়িঘড়ি করে নতুন মজুরি বোর্ড গঠন করে। এই কমিটি ন্যূনতম সময়ে শ্রমিক ও মালিক পক্ষের সাথে আলোচনা করে ইতোমধ্যে নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে। কিন্তু শ্রমিকদের একটি অংশ এই মজুরি নিয়ে আপত্তি তুলেছেন। গত মাস খানেকের অস্থিরতায় বহু কারখানা সময়মতো পণ্য সরবরাহ করতে পারেনি। বহু কারখানা বন্ধ ঘোষণা করতে হয়েছে। বিদেশি ক্রেতারা এখন বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়ার বিপৎজনক পথে অগ্রসর হচ্ছেন। দ্রুত এই খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে না পারলে দেশের সমূহ বিপদ। 

 


শ্রমিকের উপযুক্ত ও ন্যায্য মজুরি পাওয়া মৌলিক অধিকার। কোনো মালিক নিজের পকেট থেকে শ্রমিকদের মজুরি দেন না। শ্রমিকরা হাঁড়ভাঙা পরিশ্রম করে  মুনাফা অর্জনে যে ভূমিকা রাখেন তার সামান্য অংশই মজুরি হিসেবে তাঁদের ভাগ্যে জুটে। বাংলাদেশের উৎপাদন সেক্টরে তীব্র শ্রম শোষণের চিত্র ভয়ানক। শ্রমিকদের সম্মানজনক মজুরি দিতে সকলেরই অনীহা। এই জায়গায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মালিকদের আন্তর্জাতিক ক্রেতাদের সাথে দর কষাকষির সীমাবদ্ধতাও অনেকাংশে দায়ী। কম মজুরিতে শ্রম পাওয়া যায় বলে শ্রমিকদের বাঁচার ন্যূনতম ব্যবস্থাও করা হবে না, এমন অমানবিকতা পুঁজিবাদি বিশে^ও বিরল। যে ক্রেতারা এ দেশ থেকে পোশাক কিনেন তাঁদের দেশে শ্রমিকের গড় মজুরি কতো তা বেমালুম ভুলে গিয়ে বাংলাদেশ বা এ ধরনের স্বল্পোন্নত দেশ থেকে শ্রম শোষণে তাঁদের মানবিকতা অন্ধ গলিতে হারিয়ে যায়। পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণের সময় শ্রমিকদের ন্যায্যমূল্য পাওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকা যেমন মালিক পক্ষের দায়িত্ব তেমনি উন্নত বিশে^র পোশাক ক্রেতাদের এটি মানবিক কর্তব্য। মালিকদেরও বুঝতে হবে, শ্রমঘন এই শিল্পটি শ্রমিকের রক্ত—ঘাম ছাড়া টিকিয়ে রাখা সম্ভব হবে না। কারখানা বন্ধ হলে মালিক—শ্রমিক উভয়েরই লোকসান। সবচাইতে বেশি লোকসান দেশের। তাই সরকারের দায়িত্ব এখানে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। 

 


তৈরি পোশাক খাতের সাম্প্রতিক অস্থিরতার পিছনে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততার অভিযোগটি সামনে এসেছে। যদি এরকম কিছু হয় তাহলে সরকারের উচিৎ দায়ীদের চিহ্নিত করে প্রতিকার করা। আর মজুরি নির্ধারণের জায়গায় সর্বোচ্চ ন্যায্যতা প্রতিষ্ঠার বিষয়ে সরকারকে মালিক ও শ্রমিকদের মাঝখানে মধ্যস্ততার ভূমিকায় সফল হতে হবে। এই খাতকে ঝঁুকির মধ্যে রেখে দেশের অর্থনৈতিক সংকটকে আরও গভীর করার আগেই প্রত্যাশিত ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। যদি একবার ধস নামে তাহলে তা আটকানো কঠিন হবে। বাংলাদেশের প্রতিযোগী অনেক দেশ এই সংকটকে কাজে লাগিয়ে নিজেদের দেশে নিয়ে যাওয়ার তৎপরতায় লিপ্ত থাকবে। সুতরাং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তৈরি পোশাক খাতের অস্থিরতা দূর করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আমরা অনুরোধ জানাই।

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার