প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ২০:২৮
প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফরকে সামনে রেখে ষোলঘর ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক মানে উন্নীত করার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। পাশাপাশি জেলা স্টেডিয়ামের সংস্কার এবং দেশীয় খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এমন আশ্বাসে সম্ভাবনা তৈরি হয়েছে সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনে। দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন ‘খবরনামা’য় এ কথা বলেছেন ক্রিকেটার ও আম্পায়ার দবির উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম।
দৈনিক সুনামগঞ্জের খবর: ষোলঘর স্টেডিয়াম আন্তর্জাতিক মানের হওয়ার মতো কী কী সম্ভাবনা রয়েছে?
দবির উদ্দিন: ষোলঘর স্টেডিয়ামের মাঠের আয়তন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার জন্য ইতিবাচক দিক। তবে মাঠসংলগ্ন কিছু জায়গা ব্যক্তিদের নামে লিজ দেওয়া রয়েছে। আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে প্রথমে এসব লিজ বাতিল করে জায়গাগুলো স্টেডিয়ামের আওতায় আনতে হবে।
দৈনিক সুনামগঞ্জের খবর: দীর্ঘদিনের সম্ভাবনা থাকা সত্ত্বেও স্টেডিয়ামটি উন্নয়নবঞ্চিত কেন?
দবির উদ্দিন: আমার মনে হয়, অতীতে নীতিনির্ধারকদের সদিচ্ছার অভাবে স্টেডিয়ামটির উন্নয়ন হয় নি। গত মেয়াদে এটিকে ক্রিকেট স্টেডিয়াম করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে তা থেমে যায়। এখন প্রধানমন্ত্রীর ‘খেলা হবে পেশা, পরিবার পাবে ভরসা’Ñএই ভাবনার আলোকে ক্রীড়া অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা আরও বেড়েছে।
দৈনিক সুনামগঞ্জের খবর: আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে কী ধরনের সুযোগ—সুবিধা প্রয়োজন?
দবির উদ্দিন: আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করতে হলে উন্নত মাঠ, ইনডোর ও অনুশীলন সুবিধা, খেলোয়াড়দের আবাসন, ভালো মানের হোটেল ও রেস্তোরাঁ প্রয়োজন। পাশাপাশি আম্পায়ারদের প্রশিক্ষণ, সেমিনার কক্ষ এবং প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা খেলোয়াড়দের থাকার ও প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে।
দৈনিক সুনামগঞ্জের খবর: জেলা স্টেডিয়ামের বর্তমান অবস্থা ও সংস্কারে করণীয় কী?
দবির উদ্দিন: জেলা স্টেডিয়ামের প্রথম কাজ হওয়া উচিত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। গ্যালারিগুলো নতুন করে নির্মাণ, প্যাভিলিয়ন সম্প্রসারণ এবং আবাসিক সুবিধা বাড়ানো প্রয়োজন। স্টেডিয়ামসংলগ্ন সিএনজি স্ট্যান্ড ও অন্যান্য প্রতিবন্ধকতা সরিয়ে মাঠের পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
দৈনিক সুনামগঞ্জের খবর: সুনামগঞ্জে ক্রিকেটার তৈরি ও বিকাশের পথে প্রধান বাধাগুলো কী?
দবির উদ্দিন: খেলার মাঠের সংকট বড় বাধা। আগে বাড়ির উঠান ও খোলা জায়গায় শিশুরা খেলতে পারত। এখন সেসব জায়গা কমে গেছে। ষোলঘর স্টেডিয়াম বছরের প্রায় আট মাস পানিতে ডুবে থাকে এবং শুকনো সময়ে মেলার জন্য ব্যবহৃত হয়। ফলে খেলোয়াড়রা নিয়মিত অনুশীলনের সুযোগ পান না। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে।
দৈনিক সুনামগঞ্জের খবর: কান্ট্রিগেমস আয়োজন তরুণদের মাঠমুখী করতে কতটা ভূমিকা রাখবে?
দবির উদ্দিন: এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাবাডি, হাডুডু ও কুস্তির মতো গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যাচ্ছে। কান্ট্রিগেমস আয়োজনের মাধ্যমে এসব খেলার প্রতি তরুণদের আগ্রহ বাড়বে। এসব খেলাকে জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমের সঙ্গে যুক্ত করা প্রয়োজন।
দৈনিক সুনামগঞ্জের খবর: সরকারি আশ্বাস বাস্তবায়ন ও সুনামগঞ্জের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে কী উদ্যোগ প্রয়োজন?
দবির উদ্দিন: ক্রীড়া অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। স্কুলভিত্তিক খেলাধুলা বাড়াতে হবে। পাশাপাশি ইউনিয়ন ও জেলাভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করতে হবে। স্কুলের সঙ্গে ক্রীড়া কার্যক্রম যুক্ত করা গেলে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে সুনামগঞ্জের খেলোয়াড়রাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারবেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন