পর্দা নামল আন্তর্জাতিক আদলের টুর্নামেন্ট গাগলী সুপার লীগের

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৮:৫৫

চ্যাম্পিয়ন হুমায়ুন রয়ালস

‘আনন্দ আর কোলাহল, মাদক ছেড়ে খেলতে চল’—এই স্লোগানকে সামনে রেখে গত ৩১ অক্টোবর শুরু হওয়া মাসব্যাপী ক্রিকেট আসর ‘গাগলী সুপার লীগ’—এর পর্দা নেমেছে। শনিবার দুপুরে শান্তিগঞ্জের গাগলী স্কুল মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে ফারিয়া অ্যান্ড আবির ডায়নামাইটসকে ১০১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হুমায়ুন রয়ালস।

 


হাওরের বুকে পানিতে নিমজ্জিত জমিতে দাবার বোর্ডের সাজে গ্রাউন্ড ফিল্ড, প্লেয়ার বক্স, ভিআইপি বক্স, নামাজের কক্ষ এবং মিডিয়া বক্সসহ আন্তর্জাতিক মানের আদলে মাঠটি সাজানো হয়েছিল। দৃষ্টিনন্দন এই আয়োজনের কারণে টুর্নামেন্টটি সুনামগঞ্জ ছাড়িয়ে সারা দেশেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। ফাইনাল ম্যাচ উপভোগ করতে দূর—দূরান্ত থেকে হাজারো দর্শক ছুটে আসেন, যা পুরো মাঠজুড়ে উৎসবের আমেজ তৈরি করে।

 

 

 

 

 

 


ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ২১৯ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় হুমায়ুন রয়ালস। জবাবে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ১১৭ রানেই অলআউট হয়ে যায় ফারিয়া অ্যান্ড আবির ডায়নামাইটস।

 


আয়োজকরা জানান, চ্যাম্পিয়ন দল, সেরা খেলোয়াড়, সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও উদীয়মান তারকাসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট দেড় লক্ষ টাকার নগদ পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া দর্শকদের জন্য ছিল ব্যতিক্রমী আকর্ষণ—মাঠের বাইরে থেকে কোনো দর্শক ছক্কার বল ক্যাচ ধরতে পারলেই তাৎক্ষণিক এক হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

 


খেলা শেষে গাগলী সুপার লীগ কমিটির চেয়ারম্যান ডা. সৈকত দাসের পরিচালনায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিল্লোল চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ—সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হিল্লোল চাকমা বলেন, ক্রিকেট আমাদের আবেগের খেলা। উপজেলায় সাম্প্রতিক সময়ে নোয়াখালী বাজার প্রিমিয়ার লিগ, দরগাপাশা প্রিমিয়ার লিগসহ বেশ কিছু টুর্নামেন্ট হয়েছে। তবে সুন্দর ব্যবস্থাপনা, চমৎকার মাঠ ও মিডিয়া কাভারেজের দিক থেকে গাগলী সুপার লীগ সবচেয়ে জাঁকজমকপূর্ণ মনে হয়েছে। এটি শান্তিগঞ্জের জন্য গৌরবের বিষয়।
এসময় তিনি আরও জানান, শারীরিক অসুস্থতার কারণে জেলা প্রশাসক অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও আয়োজকদের প্রতি শুভেচ্ছা ও সংহতি জানিয়েছেন।
প্রসঙ্গত, মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে গ্রামীণ আবহে আন্তর্জাতিক মানের এই টুর্নামেন্ট আয়োজনের ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকরা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার