‘বিকল্প ধারার বি`প্লবী ট্রেড ইউনিয়ন আ`ন্দোলন গড়ে তুলতে হবে’

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৮:৫৯

শ্রমিকনেতা বাদল সরকারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

আমৃত্যু সংগ্রামী শ্রমিকনেতা বাদল সরকারের ৪র্থ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। প্রয়াত এই নেতা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সুনামগঞ্জ জেলা কমিটির সহ—সভাপতি ছিলেন।

 


দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১টায় প্রয়াত নেতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিকাল ৪টায় শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

 


বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টুর সভাপতিত্বে এবং শ্রমিকনেতা আইয়ুব রহমানের সঞ্চালনায় সভার শুরুতে বাদল সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 


সভায় লিখিত বক্তব্য পাঠ করেন এনডিএফ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর। এ সময় আরও বক্তব্য রাখেন এনডিএফ জেলা কমিটির সহ—সভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, গণতান্ত্রিক মহিলা সমিতির সভাপতি দীপ্তি সরকার, সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরঞ্জিত দাস, সাধারণ সম্পাদক টিটু দাস, সহ—সাধারণ সম্পাদক স্বপন মিয়া এবং শ্রমিকনেতা মতিউর রহমান প্রমুখ।

 


স্মরণ সভায় বক্তারা বলেন, বিশ্বজুড়ে শ্রম ও পুঁজির দ্বন্দ্ব তীব্রতর হওয়ায় ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালিসহ ইউরোপের অন্তত ৩১টি দেশ এবং আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে শ্রমিক ও সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছেন। মজুরি, পেনশন ও চাকরির নিশ্চয়তা এবং দ্রব্যমূল্য ও আবাসন ব্যয় কমানোর দাবিতে গড়ে ওঠা এসব আন্দোলন দমনে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার পুলিশ ও সেনাবাহিনী নামিয়ে দমন—পীড়ন চালাচ্ছে।

 


দেশের বর্তমান শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ টেনে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশেও প্রায় এক মাস ধরে গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার পরিবর্তে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ এবং দলীয় ক্যাডারদের হামলার মাধ্যমে শ্রমিকদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। চলমান এই আন্দোলনে ইতোমধ্যে তৌফিক ও সেলিম নামের দুজন গার্মেন্টস শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

 


বক্তারা বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলন সম্পর্কে শ্রমিক শ্রেণিকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের এদেশীয় দালালরা জনগণের ক্ষোভকে নিজেদের স্বার্থে ব্যবহার করার অপচেষ্টা চালায়। তাই কোনো ফাঁদে পা না দিয়ে প্রয়াত বাদল সরকারের দেখানো পথের শিক্ষা কাজে লাগিয়ে শ্রমিক—কৃষকের মৈত্রীর ভিত্তিতে বিকল্প ধারার বিপ্লবী ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে হবে।

 


সবশেষে জীবিকার সংগ্রামের পাশাপাশি যুদ্ধ প্রস্তুতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের শ্রমিক—কৃষক ও মেহনতি জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার