প্রকাশিত: ০৩ জানুয়ারি, ২০২৪ ০৭:৩৫
দক্ষিণকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়
এক দরজার ভোট কেন্দ্র সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ১৯০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯৪০ এবং নারী ভোট রয়েছে ৯৬৩। বিগত সকল নির্বাচন এই বিদ্যালয়েই অনুষ্ঠিত হতো। তখন বিদ্যালয়ের আঙ্গিনাতে কোন ধরণের গ্রিল ছিল না। তিনটি রুমের তিন দরজা দিয়ে তিনটি বুথে লাইনে করে ভোটারগণ ভোট দিতে পারতেন। এক মাস পূর্বে বিদ্যালয়ের বারান্দার চারপাশে গ্রিল স্থাপনের কারণে ভোটাররা ভোট প্রদানে সমস্যার সম্মুখীন হতে পারেন বলে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও ভোটারগণ আশংকা করেছেন।
বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকূল গ্রামের ইউপি সদস্য বাবুল মিয়া বলেন, আমি টানা পাঁচবারের ইউপি সদস্য। অতীতে দক্ষিণকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা উন্মুক্ত থাকায় ভোটারগণ নির্বিঘ্নে ভোট দিতে পারতেন। এবার বিদ্যালয়ের আঙিনাতে গ্রিল স্থাপনের কারণে ভোটারগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবেন না।
তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দক্ষিণকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই রয়েছে দক্ষিণকূল এইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়। ওই বিদ্যালয়ে ২৫টি কক্ষ রয়েছে এবং বারান্দাতে কোন ধরণের গ্রিল নেই। ভোট কেন্দ্রটি ওখানে স্থানান্তর করা হলে ভোটারগণ নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবে।
বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন বলেন, দক্ষিণকূল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটারগণ ভোট প্রদান করতে সমস্যার মুখোমুখি হবেন। বিষয়টি আমি তাহিরপুর উপজেলা নির্বাচন অফিসারকে অবহিত করেছি।
তাহিরপুর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মালিক বলেন, দক্ষিণকূল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করতে ভোটারদের সমস্যার সৃষ্টি হবে। বিষয়টি তিনিও বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেনের নিকট থেকে শুনেছেন। তিনি আরো বলেন, এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে জেলা রিটার্নিং অফিসারের নিকট আবেদন করার পরামর্শ দিয়েছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন