প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৪ ০৭:১৭
তাহিরপুরে নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের যাতায়াত ভাতা দেয়ার আশ্বাস দিলেন ইউএনও। বৃহস্পতিবার তাহিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভায় নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের দুই হাজার টাকা যাতায়াত ভাড়া দেয়ার আশ্বাস দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল।
তাহিরপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার অজয় কুমার দে বলেন, বৃহস্পতিবার তাহিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল স্যার আমাদেরকে ইউএনও স্যারের বরাত দিয়ে জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে তাহিরপুর উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তাদের দুই হাজার টাকা করে যাতায়াত ভাতা দেয়া হবে।
তিনি আরও বলেন, যাতায়াত ভাতা পাওয়ার বিষয়ে আমরা শিক্ষকরা অভিযোগের যাবতীয় কাগজপত্র তৈরি করে রেখেছি। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না পেলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করব। তাহিরপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল বলেন, তাহিরপুর উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভায় আসার সময় ইউএনও স্যার তাকে বলে দিয়েছেন, শিক্ষককদের যাতায়াত ভাড়া দুই হাজার টাকা করে দেওয়া হবে, এই বিষয়টি সমন্বয় সভায় শিক্ষকদের জানানোর জন্য। সে মোতাবেক তিনি বার্তাটি শিক্ষকদের জানিয়ে দিয়েছেন।
জানা যায়, সুনামগঞ্জ—১ আসনটি তাহিরপুর—জামালগঞ্জ—ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা নিয়ে গঠিত। নির্বাচনে দায়িত্বপালন করতে গিয়ে এ আসনের ধর্মপাশা উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যাতায়াত ভাতা জনপ্রতি ২ হাজার টাকা করে পেলেও তাহিরপুর উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসারগণ যাতায়াত ভাতা পাননি। এ নিয়ে নির্বাচনে দায়িত্ব পালনকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাহিরপুর উপজেলায় দায়িত্বপালনকারী কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন। অনেকেই লিখেছেন পার্শ্ববর্তী ধরমপাশা ও বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাচনে দায়িত্ব পালনকারীরা যাতায়াত ভাতা ২ হাজার টাকা করে পেলেও আমরা কেনো বঞ্চিত হলাম। আবার অনেকেই মৌখিকভাবে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি অবহিত করেছেন।
জানা গেছে তাহিরপুর উপজেলায় ৫৩টি ভোট কেন্দ্রে সর্বমোট ১ হাজার ৬১ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসার ভোট গ্রহণ কাজে নিয়োজিত ছিলেন। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিন বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের যাতায়াত ভাতা দেয়ার জন্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। বরাদ্দের টাকা আসা মাত্রই নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের দেয়া হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন