প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৪ ০৭:১৯
পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর উপদেষ্টা মন্ডলীর সভাপতি সুলতানা কামাল বলেছেন, প্রকৃতির সঙ্গে যারা অপকর্ম করছেন কিছু কিছু জায়গায় তারা আমাদের চেয়ে হয়তো বেশি শক্তিশালী। এরা সরকারের যে কোনো বাহিনীকে ব্যবহার করে আমাদের ক্ষতি করতে পারে, এসব তো গোপন কিছু না, অহরহই হচ্ছে। তবে এসব অপকর্ম রুখতে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। প্রকৃতির যা কিছু আছে, যত সম্পদ আছে— সব কিছুর মালিক কিন্তু জনগণ। তাই আমার সম্পদ আমাকে রক্ষা করতে হবে, আমার নদী, ফসল, হাওর আমাকেই রক্ষা হবে। তিনি বলেন, কখনই নিজেদের প্রাকৃতিক সম্পদ অন্যকে লুট করতে দিবেন না, লুটেরাদের সঙ্গে যাবেন না। যারা ক্ষতি করে তাদের সঙ্গে যাবেন না, নিজেরা সৎ থাকুন, সততার সঙ্গে নিজের সম্পদ রক্ষা করুন।
হাওর, নদী ও কৃষিজমি রক্ষার দাবিতে সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।
শুক্রবার বিকাল সাড়ে চারটায় তাহিরপুরের বারেকটিলা সংলগ্ন বালুচর এলাকায় অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, আপনারা এখানকার সন্তান, এ অঞ্চল আপনাদের জীবিকা উপার্জনের সুযোগ তৈরি করে দেয়, কাজেই এ অঞ্চলটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আপনাদেরকেই প্রথমে বলতে হবে এই জায়গার কোনো ক্ষতি করা চলবে না, এ জায়গায় এমন কোনো কর্মকান্ড চলতে দেয়া যাবে না, যা আমাদের রিজিক কেড়ে নেবে।
প্রধান আলোচক শরীফ জামিল বলেন, ২০০৮ সাল থেকে প্রতিবছর বর্ষায় এই অঞ্চলে পাহাড়ি ঢলের সাথে ব্যাপক বালি ও পাথর এসে হাওর, নদী, ছড়া ও কৃষিজমি ভরাট হয়ে যাচ্ছে। প্রকৃতির এই বড় বিপর্যয় এ অঞ্চলে মানবিক বিপর্যয় তৈরি করেছে। মেশিন দিয়ে অপরিকল্পিত বালি ও পাথর উত্তোলন বন্ধের সাথে সাথে ছড়া ও কৃষিজমি পুনরুদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ভারতের মেঘালয়ে অপরিকল্পিত খনিজ সম্পদ আহরণের ফলে ঢলের সাথে আসা বালি ও পাথর এসে যাদুকাটা নদী ও টাঙ্গুয়ার হাওরের তলদেশ ভরাট হয়ে যাওয়া বন্ধ করতে আন্তঃদেশীয় পদক্ষেপ দ্রুততার সাথে গ্রহণ করতে হবে।
বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ যৌথভাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ধরা’র আহবায়ক কমিটির সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, ধরা’র আহবায়ক কমিটির সদস্য ও আদিবাসী পরিবেশ রক্ষা আন্দোলনের সিলেট বিভাগীয় আঞ্চলিক সমন্বয়ক ফাদার জোসেফ গোমেজ, ধরা’র আহবায়ক কমিটির সদস্য ও নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম চৌধুরী কিম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন, স্থানীয় ইউপি সদস্য নোয়াজ আলী প্রমুখ।
এর আগে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওড় পরিদর্শন করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন