প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৪ ০৭:৪১
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৮ দিন পেরিয়ে গেলেও যাতায়াত ভাতা পাননি ভোটগ্রহণ কর্মকর্তারা। ভাতা না পেয়ে মানববন্ধনের ডাক দিয়েছেন তাহিরপুরে দায়িত্বপালকারী ভোটগ্রহণ কর্মকর্তারা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কর্মকর্তারা আগামী ২৯ জানুয়ারি সোমবার উপজেলার আব্দুজ জহুর চত্বরে মানববন্ধন করবেন বলে একটি ব্যানার পোস্ট করেন। এতে নির্বাচনের দায়িত্বপালনকারী ১ হাজার ৬১ জন প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের উপস্থিত থাকার আহবান জানানো হয়।
নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তারা জানান, আমাদের পার্শ্ববর্তী উপজেলায় নির্বাচনী কাজে কর্মরত সকল প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের যাতায়াত ভাতা বাবদ ২ হাজার টাকা প্রদান করা হয়েছে। আমাদের উপজেলার সহকারী রিটার্নিং অফিসার আমাদের কাছ থেকে ব্ল্যাঙ্ক কাগজে দস্তখত রেখেছেন, কিন্তু যাতায়াত ভাতা পরিশোধ করেননি।
তারা আরও জানান, ইতোপূর্বে বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলে গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় সহকারী শিক্ষা অফিসার আব্দুল আওয়াল’র মারফত তিন দিনের মধ্যে আমাদের যাতায়াত ভাতা পরিশোধের আশ্বাস দেন ইউএনও সালমা পারভিন। কিন্তু ১৮ দিন পেরিয়ে গেলেও এখনো আমাদের যাতায়াত ভাতা দিচ্ছেন না।
এ বিষয়ে ইউএনও সালমা পারভিনের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে সহকারী শিক্ষা অফিসার আব্দুল আওয়াল বলেন, যাতায়াত ভাতা জনপ্রতি দুই হাজার টাকা না দিয়ে এক হাজার টাকা দিতে চেয়েছেন ইউএনও মহোদয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন