প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৪ ০৭:১৯
তাহিরপুরে একটি গাভী দুইটি বাচ্চা প্রসব করেছে। রবিবার বিকেলে উপজেলা সদরের ভাটি তাহিরপুর গ্রামের সহিবুর রহমানের বাড়িতে গাভীটি দুইটি বাচ্চা জন্ম দেয়। প্রসব করা বাচ্চাগুলোর মধ্যে একটি ডেকা বাছুর ও অন্যটি বকনা বাছুর।
গরুর মালিক সহিবুর রহমান বলেন, আমার গরুটা যখন গাভীন ছিল— সাধারণ গরু যেমন থাকে আমার গাভীটাও দেখতে ঠিক তেমন ছিল। যে সময় গাভীর বাচ্চা হয় সে সময় দেখি একটা বাচ্চা হওয়ার কিছুক্ষণ পর আরেকটি বাচ্চা হলো। এমন সংবাদ এলাকাতে জানাজানি হলে সর্বস্তরের লোকজন বাছুর দুটিকে দেখতে ভিড় জমান। তিনি আরও বলেন, এতদিন আমরা দেখে এসেছি ছাগলের দুইটা বা তিনটা করে বাচ্চা হয়। কিন্তু গরুর দুইটা বাচ্চা কখনো দেখিনি। আল্লাহ চাইলে তিনি সবকিছুই করতে পারেন।
প্রতিবেশী ভাটি তাহিরপুর গ্রামের ইমামুল ইসলাম বলেন, জমজ বাছুর দুটি খুবই স্বাস্থ্যবান।
তাহিরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিব রহমান জানান, মাঝে মধ্যে শোনা যায় একটি গাভীর দুইটি বাচ্চা হয়েছে। আজো শুনলাম তাহিরপুর উপজেলা সদরের ভাটি তাহিরপুর গ্রামে একটি গাভী দুইটি বাচ্চা দিয়েছে। তবে দুইটি বাচ্চা হলে একটু সমস্যা থাকে। একই লিঙ্গের দুইটি বাচ্চা হলে তাহলে কোনো সমস্যা থাকে না। তবে যদি আলাদা লিঙ্গের হয় তাহলে বকনা বাছুরটার পরবর্তীকালে বাচ্চা হওয়ার সম্ভাবনা কম থাকে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন