প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ২৩:১৬
নির্মাণাধীন প্রতিরক্ষা দেয়ালের ইট দিয়ে নিজেরাই গড়ে তোলেন অস্থায়ী শহীদ মিনার। বুধবার সেই শহীদ মিনারে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো কোমলমতি শিশুরা ও বিদ্যালয়ের শিক্ষকরা।
তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের রতনশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণ করা হয় ইটের তৈরি শহীদ মিনারটি। ভাষার জন্য জীবন বিসর্জন দেওয়া শহীদদের শ্রদ্ধা জানাতে বিদ্যালয়ের কোমলমতি শিশু ও শিক্ষকদের উদ্যোগ নিয়ে ইট দিয়ে তৈরি করা হয় এই শহীদ মিনার। তাতেই ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান তারা।
বুধবার সকাল ৮টায় তাহিরপুর উপজেলার রতনশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু ও শিক্ষকদের তৈরি শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শিশুরা ইটের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করছেন। সারিবদ্ধভাবে শহীদ মিনারে ফুল দিচ্ছে শিশুরা।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সামিউল ও তুরন মিয়া জানায়, শহীদ দিবসে সবাই শহীদ মিনারে ফুল দিতে যায়। আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় শ্রদ্ধা জানাতে পারি না। তাই আমাদের স্যারদের সহযোগিতায় মঙ্গলবার বিকেলে ইট দিয়ে শহীদ মিনারটি নিজেরাই তৈরি করি।
রতনশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন চন্দ্র সরকার বলেন, বিদ্যালয়ে কোন শহীদ মিনার না থাকায় বিদ্যালয়ে নির্মাণাধীন প্রতিরক্ষা দেয়ালের ইট দিয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সহযোগিতা নিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করি।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি বলেন, রতনশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ নিজেরা ইট দিয়ে শহীদ মিনার তৈরি করে সর্বমহলে অনেক প্রসংশিত হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন