প্রকাশিত: ১২ মার্চ, ২০২৪ ০৭:০৬
তাহিরপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী
তাহিরপুরের তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী সাংবাদিকদের বলেছেন, সুনামগঞ্জ একটি হাওরবেষ্ঠিত অঞ্চল। বন্যার সময় এই অঞ্চল পানির নিচে থাকে। তাই আমরা সুনামগঞ্জকে প্রধান্য দিয়েই এখানে এসেছি। আমরা সুনামগঞ্জ থেকেই কাজ শুরু করবো। এই অঞ্চলে ইতোমধ্যে অনেক ভবন নির্মাণ হয়েছে, আরও অনেক ভবনের প্রয়োজনীয়তা রয়েছে। যে প্রতিষ্ঠানগুলোর ভবন জরাজীর্ণ, সেই প্রতিষ্ঠানগুলোতে দ্রুত কাজ করা হবে। প্রত্যেকটি বিদ্যালয়ে মিড—ডে মিল চালু হবে, এটি প্রক্রিয়াধীন আছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হলে আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে। শিশুরা স্কুল শেষ করে বাড়িতে গেলে তাদের প্রতিদিনের পড়া সম্পর্কে অভিভাবকদের জানতে হবে। ঠিকমতো ক্লাস হয়েছে কিনা খোঁজ খবর নিতে হবে। কয়জন শিক্ষক স্কুলে আসেন পাঠদান করেন তারও খোঁজখবর নেয়া প্রয়োজন। তাহলেই আমাদের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে।
সোমবার তাহিরপুর উপজেলা সদরের তাহিরপুর সদর ইউনিয়নের সূর্যে্যরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের আনন্দনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উমেদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন, শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদান প্রত্যক্ষ করেন। তিনি শিশু শিক্ষার্থীদের শিখন দক্ষতা যাচাই করতে পাঠ্যভ্যাস থেকে প্রশ্নও করেন। পরিদর্শনকালে শ্রেণি কক্ষে শিক্ষকদের সাথে পাঠদান করেন। তিনি শিশুদের নিয়মিত স্কুলে আসতে উদ্বুদ্ধ করেন। এছাড়াও শিক্ষকদেরকে সঠিক সময়ে স্কুল এসে পাঠদান ও নির্ধারিত সময়ে স্কুলে আসা যাওয়ার ব্যাপারে ছাড় দেয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারী উচ্চারণ করেন। পরিদর্শনকালে বিদ্যালয় এলাকার অভিভাবক ও সাধারণ মানুষের সাথেও কথা বলেন। তিনি অভিভাবকদের নিয়মিত সন্তানদের স্কুলে পাঠানো ও পাঠদান করা হচ্ছে কিনা খোঁজখবর নেওয়া ও বাড়িতে এসেও যেন পড়াশোনা করে তার পরামর্শ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. রনজিত চন্দ্র সরকার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূরজাহান খাতুন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল প্রমুখ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাহিরপুরে আসেন। তাহিরপুর বাজার নৌকাঘাট থেকে স্পীডবোড যোগে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে যান। পরিদর্শন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তাহিরপুর থেকে সুনামগঞ্জের দিকে রওয়ানা করেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন