প্রকাশিত: ২২ মার্চ, ২০২৪ ০২:৩৯
তাহিরপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
প্রতীকী ছবি
তাহিরপুরে আগাম বন্যার বার্তা নিয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু মিলনায়তনে সভা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি’র সভাপতিত্বে সভায় আগামী ২৭ মার্চ আগাম বন্যার আভাস রয়েছে বলে জানানো হয়।
সভায় বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত হয়— উপজেলার শনি, মাটিয়ান, মহালিয়া ও বর্ধিত গুরমা হাওরের যে সকল ক্লোজার বাঁধ রয়েছে সেগুলোতে পূর্ব প্রস্তুতি হিসাবে জিও ব্যাগ, বস্তা ও বাঁশ জমা রাখতে হবে। বাঁধের নিরাপত্তায় সকল পিআইসি সদস্যদের বাঁধ এলাকাতে থাকতে নির্দেশ দেয়া হবে। ঝড়—বৃষ্টিতে রক্ষার জন্য সেখানে তাঁবু স্থাপন করতে হবে।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মনির হোসেন জানান, আগাম বন্যা মোকাবেলায় বিশেষ করে ক্লোজার বাঁধগুলো রক্ষার জন্য সাড়ে তিন হাজার জিও ব্যাগ সরংক্ষিত রয়েছে। প্রয়োজনীয় বাঁশ ও বস্তা ক্রয়ের জন্য ব্যবস্থা করা হচ্ছে।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহিবুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী আরিফউল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, তাহিরপুর থানার এসআই আবুল কালাম, উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য্য, যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ সাহা প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন