থাকবে না মাইক ও সাউন্ডবক্স

প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৪ ০৬:৫০

পণতীর্থ গঙ্গাস্নান ও শাহ আরেফিনের ওরস উপলক্ষে সভা/চাটাই সেতু ও খেয়া পারাপারে ১০টাকা করে নেয়ার নির্দেশনা

তাহিরপুরে ২ কিলোমিটার রাস্তা আসা যাওয়া করতে খেয়া পারাপারে ভাড়া গুনতে হয় ১২০ টাকা। উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর থেকে পাঠাবুকা পর্যন্ত রাস্তার বৌলাই নদীর উপর একটি চাটাই সেতু, পাইকরতলা নদীর উপর একটি খেয়া নৌকা এবং পাঠাবুকা গ্রামের উত্তর দিকে একটি খালের উপর একটি চাটাই সেতু রয়েছে। প্রতিটি পারাপারে মোটরসাইকেলে চলাচলকারীকে ২০ টাকা করে ৬০ দিতে হয়। আসা যাওয়ায় গুনতে হয় ১২০ টাকা। 
রবিবার তাহিরপুর উপজেলা প্রশাসনের ডাকা হজরত শাহ্ আরেফিন (র.) মেলা উদযাপনের লক্ষ্যে সভাতে এসব কথা বলেন তাহিরপুর উপজেলা মোটরসাইকেল চালক সমিতির সভাপতি তুহিন মিয়া। এসময় তিনি প্রতি পারাপারে ১০ টাকা নেয়ার দাবি জানান। 
সভায় আলোচনার পর উপজেলা নির্বাহী অফিসার সভায় উপস্থিত শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে প্রতি মোটর সাইকেল পারাপারকারীদের নিকট থেকে পরবর্তীতে ১০ টাকা করে আদায়ের জন্য নির্দেশনা দেন।
এদিকে এবার ৩ দিনব্যাপী হজরত শাহ আরেফিন (র.) মেলা বসবে ৫ থেকে ৭ এপ্রিল। অপরদিকে যাদুকাটা নদীর উভয় তীরে পণতীর্থে গঙ্গাস্নান হবে ৬ এপ্রিল। এ দুই উৎসবকে ঘিরে তাহিরপুর উপজেলা প্রশাসন থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ৭ এপ্রিল ২৭ রমজান পবিত্র লাইলাতুল কদর হওয়ার কারণে সভায় সিদ্ধান্ত নেয়া হয় ধর্মীয় ভাবমূর্তি রক্ষায় এ বছর হজরত শাহ আরেফিন (র.) মেলার বিভিন্ন আস্তানাতে মাইক এবং সাউন্ড বক্স ব্যবহার করা হবে না। মেলার আসর স্থলে কোন মাইক বা সাউন্ড বক্স পেলে তা প্রশাসনের পক্ষ থেকে জব্দ করা হবে মর্মে সভায় সিদ্ধান্ত হয়।
দুইটি উৎসবে সার্বিক আইনশৃঙ্খলা নিরাপত্তায় দুই শতাধিক পুলিশ মোতায়েন করা হবে বলে সভায় জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন। এছাড়াও বিভিন্ন উপ—কমিটি গঠন করা হয়। তিনটি মেডিকেল টিম সার্বক্ষণিক থাকবে। একটি থাকবে হজরত শাহ আরেফিন (র.) মেলাতে, একটি পণতীর্থে, আরেকটি থাকবে ইসকন মন্দির প্রাঙ্গণে। বিভিন্ন সড়ক ও নৌপথে চলাচলে ভাড়াও নির্ধারণ করে দেয়া হয়েছে।
শাহ আরেফিন (র.) মেলা ও পনতীর্তের স্নান উদযাপনে প্রাক প্রস্তুতি নিয়ে আগামী ৪ এপ্রিল সবগুলো স্থান পরিদর্শন করবেন প্রশাসনের কর্মকর্তারা বলে সভায় সকলকে জানানো হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, থানা অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, বালিজুরি ইউপি চেয়ারম্যান মো. আজাদ হোসেন, শ্রীপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, বাবরুল হাসান বাবলু, আলম সাব্বির প্রমুখ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার