হাওরে নৌকাবাইচ 

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:২৩

ঐ দেখা যায় জলের ঘাটে, কে বাঁশি বাজায়
ময়না লইয়া যায় রে আমার ময়না লইয়া যায়
অথবা 
আজকে আমরা বাইচাল বাইমু মনেরও মতোন
দেখো, বাইচ খেলিয়া এবার মোরা জীবন করবো স্বার্থক রে
হাত ছাইড়া দেও সোনার দেওরা রে


এমন সব মন ভোলানো গানের তালে তালে নৌকা বাইতে থাকেন বাইচালরা। একটি নৌকায় চল্লিশ থেকে সত্তর জন বাইচাল থাকেন। নৌকার সামনের গলুইয়ে নৃত্যরত যুবক কিংবা বৃদ্ধ থাকেন একজন। তাদেরকে আমিন বলা হয়। গায়কের অমৃতরসের গানে, ঢোল ও বৈঠার তালে তালে নাচতে থাকেন নৌকার সামনের গলুইয়ে থাকা আমিন।

কী অসাধারণ দৃশ্য। হাজারো মানুষের কণ্ঠে তার পক্ষের নৌকা জয়ের আকুতি। নিজেদের নৌকাকে জয়ী করতে প্রাণপণে বেয়ে যাচ্ছেন বাইচালরা। পাখিমারার হাওরে হাজার হাজার দর্শকের শতশত নৌকার উপস্থিতি। উল্লেখ করার মতো মহিলা দর্শকও আছেন হাওরপাড়ে ও নৌকায়। 


সোমবার দিনব্যাপী শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের পাখিমারা হাওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচে দেখা যায় এমনই দৃশ্য। অপসংস্কৃতির বিরুদ্ধে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচের আয়োজন করেন বীরগাঁও ৪নম্বর ওয়ার্ডের যুব সমাজ।


সোনার তরী, বীর পবন, বীর বাংলা ও স্বপ্নের তরী এমন বাহারি নামে ৭টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খেলায় প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল বিজয়ী হয় সলফের সোনার তরী নামের নৌকা। ২য় পুরস্কার পায় বীর পবন, খালপাড়। তারা পুরষ্কার হিসেবে একটি ফ্রিজ পেয়েছে। ৩য় পুরস্কার একটি এলইডি টিভি জিতে নিয়েছে ধলমৈশা গ্রামের স্বপ্নের তরী। 


এর আগে দুপুর দেড়টায় নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুসহ আরও অনেকে।


জগন্নাথপুরের তেলিকোনা গ্রাম থেকে নৌকাবাইচ দেখতে আসেন মো. আবিদুর রহমান। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, আমি নৌকা দৌঁড় খুব পছন্দ করি। এখানে এসে তাদের আয়োজন দেখে খুবই সন্তুষ্ট হয়েছি। এ ধরণের আয়োজন গ্রামাঞ্চলের বিশেষ করে হাওরাঞ্চলের মানুষের মনে আনন্দের খোরাক যোগায়। এমন আয়োজন অব্যাহত থাকুক সময়।


আয়োজক কমিটির অন্যতম সদস্য নাহিদ আহমদ, শহিদ নূর আহমদ ও আহমেদ তুজু বলেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি নৌকাবাইচ প্রতিযোগিতা সফল করে তুলতে। কোনো রকমের আপত্তিকর ঘটনা ছাড়া নৌকাবাইচ হয়েছে। তবে পানি কমে যাওয়ায় প্রতিযোগি নৌকা কম হয়েছে। আমরা আরও বেশি নৌকা আশা করেছিলাম। তবে আমাদের আয়োজন সফল। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার