প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ০১:০২
কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে দলীয় নেতাকর্মী জড়িত থাকলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ—৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। শনিবার বিকালে শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এমপি কয়ছর আহমদ বলেন, বিগত সরকারের আমলে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম ও দলীয়করণ হয়েছে। বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির ঘটনা ঘটেছে। কৃষি খাতেও দুর্নীতির অভিযোগ ছিল। তবে বর্তমান সরকার কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। এ ক্ষেত্রে দলীয় পরিচয়ও কাউকে রক্ষা করতে পারবে না।
.jpg)
তিনি জানান, আগামীকাল (আজ রবিবার) পাইলট প্রকল্পের আওতায় শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন এবং জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ও হলদিপুর ইউনিয়নের কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে। এছাড়া নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন তিনি।
সংসদ সদস্য বলেন, একসময় প্রায় প্রতিটি পরিবারের বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের শাক—সবজি চাষ হতো। এতে পরিবারগুলো নিরাপদ ও টাটকা খাদ্য পেত। বর্তমানে মানুষ বাজারনির্ভর হয়ে পড়েছে। বাজারের অনেক খাদ্যেই রাসায়নিকের ব্যবহার থাকায় তা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই প্রত্যেক পরিবারকে আবার বাড়ির আঙিনায় সবজি চাষ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, অতীতে অনেক উন্নয়ন প্রকল্প অনিয়ম ও লুটপাটের কারণে সমালোচিত হয়েছে। বর্তমানে যেসব উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে, সেগুলো যেন স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন হয়— সে বিষয়ে নজরদারি করা হবে। কারও বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য নয়, বরং জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এই তদারকি করা হবে।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন এমপি কয়ছর আহমদ। পরে তিনি মেলায় অংশ নেওয়া ১৪টি স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আনছার উদ্দিন, ফারুক আহমেদ, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবীব। সভা শেষে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা। এরপর এমপি কয়ছর আহমদ উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় নিজের পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে নেতাকর্মীদের কুশল বিনিময় করেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন