এমপি কামরুলের উদ্যোগে নৌকা পেল ১৬ প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ২০:০২

সংগৃহীত ছবি 

হাওরাঞ্চলের শিক্ষার্থীদের বর্ষাকালে বিদ্যালয়ে যাতায়াত সহজ ও নিরাপদ করতে মধ্যনগর উপজেলার ১৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উদ্যোগে ২০২৫—২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ২ লাখ ৬০ হাজার টাকার বরাদ্দ থেকে এসব নৌকা নির্মাণ ও বিতরণ করা হয়।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কাচারি—সংলগ্ন ঘাটে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে নৌকাগুলো তুলে দেওয়া হয়।
জানা গেছে, এমপি কামরুজ্জামান কামরুলের বরাদ্দের অর্থে খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলমকে সভাপতি করে গঠিত একটি কমিটির মাধ্যমে অর্থ উত্তোলন করে ১৬টি নৌকা নির্মাণ করা হয়।


নৌকা পাওয়া বিদ্যালয়গুলো হলো—শালীয়ানী, জামালপুর, কামাউড়া, খালিশাকান্দা, গলইখালী, ইটাউরি, দুগনই, বলরামপুর, মাছুয়াকান্দা, দৌলতপুর, দোয়াদুর রহমান, মো.আলীপুর, সাতুর, বীরসিংহপাড়া, চাপাইতি ও আটাইশা মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।


মধ্যনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, বর্ষা মৌসুমে উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ৪৫টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের নৌকায় করে যাতায়াত করতে হয়। এর আগে মাননীয় সংসদ সদস্য একটি বিদ্যালয়ে নৌকা দিয়েছিলেন। এবার তাঁর উদ্যোগে আরও ১৬টি বিদ্যালয়ে নৌকা দেওয়া হয়েছে। নতুন নৌকাগুলো চালু হলে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত হবে। পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতির হারও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।


সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, হাওরাঞ্চলে শিক্ষার প্রসারে যোগাযোগব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরী। বর্ষা মৌসুমে অনেক শিক্ষার্থী নৌকার অভাবে বিদ্যালয়ে যেতে পারে না। তাই যেসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নৌকায় পারাপার করতে হয়, পর্যায়ক্রমে সেসকল বিদ্যালয়ে নৌকার ব্যবস্থা করা হবে। শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


নৌকা বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াৎ, যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি রমা রঞ্জন সরকার, খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলমসহ নৌকাপ্রাপ্ত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার