প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ২৩:১২
সুনামগঞ্জ—২ (দিরাই—শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার চৌধুরী শাল্লা উপজেলার নদীভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। রবিবার দুপুর ১২টায় তিনি ভাঙনসঙ্কটপূর্ণ এলাকা প্রতাপপুর ও ভেড়াডহরসহ বেশ কয়েকটি স্থান পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ভিটেমাটি হারানো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে সরাসরি কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে পারভীন আক্তার চৌধুরী বলেন, এমপি মহোদয় স্থানীয় নেতাকর্মীদের সাথে বৈঠক করে আমাকে এখানে আসার নির্দেশনা দিয়েছেন। কিন্তু এসে এখানকার মানুষের চরম দুঃখ—দুর্দশা দেখে আমি স্তব্ধ। এতদিন শুধু শুনে এসেছি, আজ বাস্তবে দেখলাম কীভাবে প্রতিদিন মানুষের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, বাস্তুহারা মানুষদের জরুরি সহায়তা দেওয়ার জন্য স্থানীয় উপজেলা প্রশাসনকে অনুরোধ জানানো হবে। পাশাপাশি ঢাকায় ফিরে সংসদ সদস্যকে সার্বিক চিত্র অবহিত করা হবে, যাতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন, আমাদের দিরাই—শাল্লার অনেক ঘরবাড়ি ও জমিজমা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। সরকারের সুদৃষ্টি ও দ্রুত পদক্ষেপই পারে শাল্লার ভাঙনকবলিত এসব এলাকাকে রক্ষা করতে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ—সহকারী প্রকৌশলী মো. ওবাইদুল হক জানান, গ্রাম শাল্লা থেকে টুকচানপুর পর্যন্ত নদীভাঙন রোধকল্পে একটি বড় প্রকল্প ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের সাথে সমন্বয় করে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আওয়াল, যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস, পানি উন্নয়ন বোর্ডের উপ—সহকারী প্রকৌশলী মো. ওবাইদুল হক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবুল, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন, সাংবাদিক আবু হানিফ চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ, ছাত্রদল নেতা শাকিল আহমেদ, সাবেক ছাত্রনেতা সুজন আহমেদ, আশিক আহমেদ, রাহুল সরকার, বাহাড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রিদয় মিয়া প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন