প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬ ১৯:৩৩
সু.খবর ছবি
ধোপাজান চলতি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী রক্ষায় নিয়মিত অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা এবং দ্রুততম সময়ে নিয়ম মেনে ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার বেলা ১১টায় শহরের আলফাত স্কয়ারে ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে মানববন্ধন হয়।
ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটির উপদেষ্টা এরশাদ মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ নূরের পরিচালনায় মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক গোলাম হোসেন অভি।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপদেষ্টা শেখ এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আল আমিন, অমিত তালুকদার, আজিজুর রুহেল, যুগ্ম সদস্য শফিকুল বারী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী শহীদুল ইসলাম পলাশী।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ধোপাজান ইজারা বন্ধ থাকার সুযোগে একশ্রেণির প্রভাবশালী চক্র রাতের আঁধারে বিভিন্ন নৌযান নিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও লুটপাট চালিয়ে যাচ্ছে। এতে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি নদীর দুই তীরের পরিবেশ এবং তীরবর্তী সাধারণ মানুষের বসতবাড়ি ও স্থাপনা মারাত্মক হুমকির মুখে পড়েছে।
সমাবেশে পরিবেশ ধ্বংসের হাত থেকে নদীটি রক্ষায় সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— রাতের আঁধারে পরিবেশ—বিধ্বংসী অবৈধ বালু ও পাথর উত্তোলন অবিলম্বে বন্ধ করা, আইনানুগভাবে বালুমহাল ইজারা না দেওয়া পর্যন্ত নদীতে সব প্রকার বালু উত্তোলন বন্ধ রাখা, অবৈধ উত্তোলন রোধে রাতে প্রশাসনিক টহল জোরদারসহ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা এবং অসাধু বালুখেকো চক্রকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
উপজেলার খবর থেকে আরো পড়ুন