আস্থার কণ্ঠস্বর

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ০০:১৮

১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে জেলার বহুল জনপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক সুনামগঞ্জের খবর’। পনেরো বছরে পর্দাপণের দিনটি নিঃসন্দেহে গর্বের। দৈনিকটি ডামি সংখ্যা বের হবার একপর্যায়ে বাজারে আসে ২০১২ সালের ৩০ জুলাই। দীর্ঘ এই পথচলায় সংবাদপত্রটি শুধু একটি গণমাধ্যম হিসেবেই নয়, সুনামগঞ্জের মানুষের সুখ— দুঃখ, বঞ্চনা, সম্ভাবনা, সংকট ও অধিকার আদায়ের নির্ভরযোগ্য কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ, সাহসী অনুসন্ধানী প্রতিবেদন এবং জনস্বার্থে নিরলস কাজের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই এই যাত্রার সবচেয়ে বড় শক্তি। 

 


সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রিন্ট সংস্করণের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে দৈনিক সুনামগঞ্জের খবর। গত এক বছরে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে ১৪ কোটি ৬৭ লাখের বেশি ভিউ হয়েছে। একই সময়ে ‘সুনামগঞ্জের খবর ডিজিটাল’ পেজে ভিউ হয়েছে প্রায় ৬৮ লাখ, আর ‘সুনামগঞ্জের খবর’ ইউটিউব চ্যানেল  দেখা হয়েছে প্রায় ৩ লাখ বার। 
উল্লেখযোগ্য বিষয় হলো, এই পুরো অর্জন এসেছে সম্পূর্ণ অর্গানিকভাবে, কোনো ধরনের বিজ্ঞাপন বা পেইড প্রমোশন ছাড়াই। এটি প্রমাণ করে, সংবাদপত্রটির প্রতি পাঠক ও দর্শকের আস্থা ও বিশ্বাসই সাফল্যের মূল ভিত্তি। 


এই পরিসংখ্যান কেবল ডিজিটাল উপস্থিতির নয়, বরং সংবাদমাধ্যমটির গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা এবং মানুষের সঙ্গে গভীর সংযোগেরও প্রতিফলন।

 


স্থানীয় সংবাদপত্র ধারণা বদলে দিয়ে পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতায় দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে দৈনিক সুনামগঞ্জের খবর। গত এক বছরে পত্রিকাটির অনলাইন পোর্টালে ৫৪ লাখেরও বেশি পাঠক ভিজিট করেছেন, যা একটি আঞ্চলিক সংবাদমাধ্যমের জন্য নিঃসন্দেহে গৌরবের। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও নিয়মিত অনুসরণ করছেন দৈনিক সুনামগঞ্জের খবর। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, ইতালি, অস্টে্রলিয়া, ওমান, ভারত, কাতার, মালয়েশিয়া, কুয়েত, স্পেন, সিঙ্গাপুর, পর্তুগাল, জার্মানি, আয়ারল্যান্ড, গ্রিস, বাহরাইন, নেদারল্যান্ডস, জাপান, পোল্যান্ড ও দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত পাঠকরা পোর্টালটি ভিজিট করেছেন। এই আন্তর্জাতিক পাঠকগোষ্ঠী প্রমাণ করে, বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ কখনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ থাকে না।

 


হাওরাঞ্চলের মানুষের জীবনসংগ্রাম, বন্যা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সংস্কৃতি, পর্যটন, উন্নয়ন এবং দুর্নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধারাবাহিকভাবে জাতীয় পরিসরে তুলে ধরেছে দৈনিক সুনামগঞ্জের খবর। একই সঙ্গে স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে প্রকাশ করে জেলার উন্নয়ন—আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সংবাদপত্রটি।
এই অর্জনের পেছনে রয়েছেন সম্পাদকমণ্ডলী, সাংবাদিক, আলোকচিত্রী, ভিডিও টিম, কলাকুশলী এবং সর্বোপরি অসংখ্য পাঠক—দর্শকের অকুণ্ঠ সমর্থন। তাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই দৈনিক সুনামগঞ্জের খবর—কে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে।

 


১৫ বছরে পদার্পণের এই গৌরবময় মুহূর্তে দৈনিক সুনামগঞ্জের খবর নতুন প্রত্যয়ে এগিয়ে যেতে চায় সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থের পক্ষে অবিচল থেকে। অতীতের অর্জনকে প্রেরণা হিসেবে ধারণ করে আগামী দিনেও জেলার মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করে যাওয়াই এই প্রতিষ্ঠানের অঙ্গীকার। কারণ, সংখ্যার হিসাবের চেয়েও বড় অর্জন মানুষের বিশ্বাস, আর সেই বিশ্বাসের নাম ‘দৈনিক সুনামগঞ্জের খবর’।


পঞ্চদশ বর্ষে পদার্পণের শুভেচ্ছা সকলকে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার