অদম্য প্রেরণায় দুরন্ত পনেরো

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ০০:১৪

সুনামগঞ্জের খবরের বর্ষপূর্তি

গতিশীল সময়ের পাখায় ভর করে দৈনিক সুনামগঞ্জের খবর আজ পনেরো বছরে পদার্পণ করেছে। আজ আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী। বর্তমান সময়ে বড় বিনিয়োগকারী ছাড়া দৈনিক পত্রিকা প্রকাশ প্রায় অসম্ভব বললেই চলে। সেখানে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছাড়াই কেবল সাহস, সংকল্প ও দায়বদ্ধতাকে পুঁজি করে টানা চৌদ্দ বছর ধরে প্রতিদিন ভোরে আমরা পাঠকের হাতে পৌঁছে দিয়েছি সত্যনিষ্ঠ সংবাদ। এই পত্রিকাকে কখনোই বাণিজ্যিক প্রকল্প হিসেবে দেখা হয় নি। সম্পাদক একে ভালোবাসার স্বপ্ন হিসেবে রোপণ করেছিলেন সুনামগঞ্জের দৈনিক—শূন্য উর্বর পলিমাটিতে। সেই ছোট্ট বীজ আজ একটি ছায়াঘন বৃক্ষে পরিণত হয়েছে। আমাদের নিজস্ব পথ নিজেদেরই নির্মাণ করতে হয়েছে, কারণ তখন সামনে কোনো স্থানীয় দৈনিকের সফল দৃষ্টান্ত ছিল না। প্রতিদিন শিখেছি, ভুল থেকে শিক্ষা নিয়েছি, নিজেদের সংশোধন করেছি এবং সেভাবেই এগিয়ে চলেছি।

 


আমাদের একটাই লক্ষ্য ছিল— পাঠকের কাছে সবার আগে সত্য তুলে ধরা। মানুষের সঠিক তথ্য জানার অধিকারকে আমরা নিজেদের দায়িত্ব বলে মনে করেছি। একঝাঁক প্রতিশ্রম্নতিশীল সংবাদকর্মী এবং সুনামগঞ্জের সর্বস্তরের মানুষের অকুণ্ঠ সমর্থন নিয়ে বেশ কয়েকদিন ড্যামি সংখ্যা বের করে ২০১২ সালের ৩০ জুলাই বিপুল সংখ্যক পাঠকের হাতে তুলে দেওয়া হয়েছিল পত্রিকাটি, প্রথম দিন থেকেই তা পাঠকের হৃদয়ে স্থান করে নেয়। এই ক্রমবর্ধমান পাঠকপ্রিয়তাই আজ আমাদের পনেরো বছরে পদার্পণের সবচেয়ে বড় শক্তি। পাঠকের ভালোবাসাই আমাদের অনলাইন পরিসরে বিস্তৃত হতে অনুপ্রাণিত করেছে। অল্প সময়েই দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা সুনামগঞ্জের মানুষ দৈনিক সুনামগঞ্জের খবর—এর সঙ্গে যুক্ত হয়েছেন। আজ বিশ্বের যেখানেই সুনামগঞ্জের প্রবাসী রয়েছেন, তাঁদের অনেকেরই দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে আমাদের সংবাদে একবার চোখ বুলিয়ে নেওয়া।

 


প্রিন্ট সংস্করণের পাশাপাশি আমাদের অনলাইন পোর্টাল, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলও পাঠকের আস্থার জায়গা হয়ে উঠেছে। এই ধারাবাহিক স¤প্রসারণের পেছনে একটিই উদ্দেশ্য— সৎ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত তথ্য মানুষের সামনে তুলে ধরা এবং ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করা। একটি উন্নত বাংলাদেশ গঠনের প্রত্যয়, সৃজনশীল জাতি নির্মাণের আকাক্সক্ষা এবং সুনামগঞ্জকে মর্যাদার সঙ্গে প্রতিনিধিত্ব করাই আমাদের অঙ্গীকার। 

 


আমাদের সফলতা বা সীমাবদ্ধতার চূড়ান্ত বিচারক আপনারাই। আপনাদের ভালোবাসা, আস্থা ও উৎসাহই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় প্রেরণা। এই শুভক্ষণে আমাদের সকল পাঠক, পৃষ্ঠপোষক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা শুভেচ্ছা। বাংলাদেশের প্রেক্ষাপটে সুনামগঞ্জ এখনো বহু দিক থেকে পিছিয়ে থাকা একটি হাওরবেষ্টিত প্রান্তিক জনপদ। অসংখ্য সমস্যা, ঘাটতি ও প্রতিকূলতার মাঝেও এই জেলার সম্ভাবনা অপরিসীম। দৈনিক সুনামগঞ্জের খবর সবসময় এসব সমস্যা ও বৈষম্যের জায়গাগুলোতে নিয়মিত আলোকপাত করেছে। অনেক ক্ষেত্রেই এর ইতিবাচক ফল আমরা প্রত্যক্ষ করেছি।

 


একই সঙ্গে আমরা তুলে ধরেছি সুনামগঞ্জের সম্ভাবনার কথা— প্রাকৃতিক সম্পদ, কৃষি, সংস্কৃতি, মেধাবী তরুণ সমাজ, বাণিজ্য এবং উৎপাদনের অসীম সম্ভাবনা। আমাদের নিরন্তর প্রচেষ্টা ছিল সুনামগঞ্জকে তার সম্ভাবনার আলোয় দেশবাসীর সামনে উপস্থাপন করা। অনিয়ম, দুর্নীতি, কূপমণ্ডূকতা এবং বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমাদের সম্পাদকীয় নীতির অংশ। সাধ্যমতো এসবের বিরুদ্ধে আমরা সোচ্চার থেকেছি। সব ক্ষেত্রে সফল হওয়া সম্ভব হয়নি, বিদ্যমান আর্থসামাজিক বাস্তবতায় অনেক সময় সাহসেরও সীমাবদ্ধতা থাকে। তবুও দায়িত্ববোধ থেকে আমরা প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাতের চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এই গণমুখী অবস্থান অটুট থাকবে।

 


আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে সত্য, ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠিত হবে। সেই স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রায় আপনাদের অব্যাহত সহযোগিতা ও ভালোবাসা আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা বিশ্বাস করি, ভালোবাসাহীন কোনো প্রচেষ্টা দীর্ঘস্থায়ী হতে পারে না। আমরা অপসাংবাদিকতার কালোছায়া হয়ে নয়, মানুষের আস্থার গণমাধ্যম হিসেবেই বেঁচে থাকতে চাই। তথ্য বিকৃত করে কিংবা বিভ্রান্তি ছড়িয়ে নয়; বরং তথ্যকে বিভিন্নভাবে যাচাই—বাছাই করে সত্য উদঘাটন ও প্রকাশ করাকেই আমরা পবিত্র দায়িত্ব মনে করি। আমাদের একমাত্র লক্ষ্য— সুস্থ, দায়িত্বশীল ও মূলধারার সংবাদচর্চা। সেই অঙ্গীকার নিয়েই আমরা ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চাই।

 


প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আবারও জানাই সকল পাঠক, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক ও বিজ্ঞাপনদাতাকে আন্তরিক ধন্যবাদ। গত চৌদ্দ বছর ধরে আপনাদের অবিচল সমর্থনই আমাদের সবচেয়ে বড় অর্জন। বিশেষ কৃতজ্ঞতা জানাই দৈনিক সুনামগঞ্জের খবর—এর বিভিন্ন সময়ের সকল সংবাদকর্মী, সম্পাদনা, অনলাইন, বিপণন ও উৎপাদন বিভাগের সহকর্মীদের। তাঁদের নিষ্ঠা, পরিশ্রম ও দায়িত্ববোধই আজকের এই অবস্থানে পৌঁছাতে আমাদের সহায়তা করেছে। আমাদের সকল বিজ্ঞাপনদাতার প্রতিও রইল গভীর কৃতজ্ঞতা। আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এই দীর্ঘ পথচলা সম্ভব হতো না।


সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করি। আপনাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই আরও বহু বছর।

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার