প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬ ১৯:৩৬
সু.খবর ছবি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় ওয়েজখালি দলীয় কার্যালয়ে সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা জমিয়তের সভাপতি শায়খ মাওলানা আব্দুল ওয়াহহাব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা রমজান হুসাইন। এতে সদর উপজেলা ও অধীনস্থ ৯টি ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা গত ২৫ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় সমাবেশে লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান কর্তৃক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ ও দেশবরেণ্য আলেম আল্লামা উবায়দুল্লাহ ফারুক—কে উদ্দেশ্য করে ব্যবহৃত কুরুচিপূর্ণ, অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু একজন প্রবীণ আলেম ও জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার রাজনৈতিক সংস্কৃতি, নৈতিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিপন্থী।
সভায় আরও গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে কওমী মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষকদের বিরুদ্ধে বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশের মাধ্যমে গোটা কওমী শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। বক্তারা বলেন, কোনো ব্যক্তির অপরাধকে কেন্দ্র করে একটি ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থা, লক্ষাধিক শিক্ষক—শিক্ষার্থী এবং দ্বীনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনমনে বিদ্বেষ সৃষ্টি করা অত্যন্ত দুঃখজনক, অন্যায় ও দায়িত্বজ্ঞানহীন।
সভায় মুস্তাফিজুর রহমান ইরানকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন