প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬ ২৩:০৬
বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা ব্র্যাক মাইগ্রেশন রিইন্টিগ্রেশন অ্যান্ড সাপোর্ট সেন্টার (এমআরএসসি) এই সভার আয়োজন করে।
অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে ফিরে আসা অভিবাসীরা (রিটার্নি মাইগ্র্যান্ট) অংশগ্রহণ করেন। এ সময় তারা বিদেশে কর্মসংস্থানের অভিজ্ঞতা, বিভিন্ন চ্যালেঞ্জ এবং সেখান থেকে পাওয়া শিক্ষা তুলে ধরেন।
আলোচনা সভায় মানবপাচার, সীমান্ত ও সমুদ্রপথে পাচার, অনিয়মিত অভিবাসনের ঝুঁকি, প্রতারণামূলক বিদেশগমন এবং নিরাপদ অভিবাসনের গুরুত্ব নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডেমো) সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব বলেন, অনেকেই প্রয়োজনীয় কারিগরি দক্ষতা ছাড়াই বিদেশে যেতে আগ্রহী হন। অথচ আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মীর চাহিদা সবচেয়ে বেশি। তাই বিদেশে যাওয়ার আগে কারিগরি দক্ষতা অর্জন এবং বৈধ ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া অনুসরণের বিকল্প নেই।
তিনি আরও বলেন, ভবিষ্যতে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। এসব সুযোগ কাজে লাগাতে এখন থেকেই দক্ষতা অর্জনের প্রস্তুতি নিতে হবে।
সভায় অংশগ্রহণকারীরা মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণ এবং প্রতারণামূলক বিদেশগমন রোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে রিটার্নি মাইগ্র্যান্টরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
উপজেলার খবর থেকে আরো পড়ুন