প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬ ২২:৩৫
বিশেষ সাংস্কৃতিক আয়োজন
ছাত্র—জনতার জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্নকে সংগীতের মাধ্যমে তুলে ধরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘গানে গানে জুলাই’।
সোমবার বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিল জেলা শিল্পকলা একাডেমি।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও আত্মত্যাগকারীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আন্দোলনের আবহ এবং সুনামগঞ্জের প্রেক্ষাপটকে কেন্দ্র করে শিল্প, সাহিত্য ও সংগীতের বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়।
আয়োজনে শহরের বিভিন্ন স্থানে আঁকা জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতিগুলো সমন্বয় করে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। গ্রাফিতিগুলোর মাধ্যমে আন্দোলনের সময়কার প্রতিবাদ, প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা তুলে ধরা হয়।
পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল সাংস্কৃতিক পর্ব শুরু হয়। একে একে পরিবেশিত হয় ‘প্রথম বাংলাদেশ’, ‘ধনধান্য পুষ্প ভরা’, ‘মুক্তির মন্দির সোপানতলে’, কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট’ ও ‘দুর্গম গিরি কান্তার মরু’ সহ বিভিন্ন গান।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করে ‘সুনু মহাজন’, ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি’ সহ বিভিন্ন গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বাউল শিল্পীদের বিশেষ পরিবেশনাও ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জাসাসের আহ্বায়ক শেরগুল আহমেদ, সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজন, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক আনোয়ার পারভেজ, আমরা জুলাই যোদ্ধার আহ্বায়ক হাফিজুর রহমান রাজু, যুবদল নেতা তাওহীদ হাসান, বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা নাঈম আহমেদ শিশির, জুলাই যোদ্ধাবৃন্দ, সাংবাদিক লতিফুর রহমান রাজু সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী বলেন, ‘গানে গানে জুলাই’ শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে সংস্কৃতির মাধ্যমে সংরক্ষণের একটি উদ্যোগ। আন্দোলনের বীরত্বগাথা ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আবহ ও গাম্ভীর্যকে গুরুত্ব দিয়ে মঞ্চসজ্জা থেকে শুরু করে প্রতিটি পরিবেশনা সাজানো হয়েছে। শহীদ ও জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখেই পুরো আয়োজন সম্পন্ন করা হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন