তিনদিন পর সুরমা নদীতে ভেসে উঠল শ্রমিকের লাশ

প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬ ২৩:০৮

মরদেহ উদ্ধার -প্রতীকী ছবি।

দোয়ারাবাজারে নৌকাডুবির তিনদিন পর সুরমা নদী থেকে আনফর মিয়া (৩০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে দোয়ারাবাজার উপজেলা ঘাট এলাকায় সুরমা নদীতে মরদেহ ভেসে ওঠে।


নিহত আনফর মিয়া দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের তৈয়ব আলীর ছেলে।


জানা যায়, গত ৫ আগস্ট রাতে ছাতক উপজেলার লক্ষ্মীবাউর বাজার সংলগ্ন এলাকায় কাজ শেষে সাতজন শ্রমিক একটি নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথে একটি স্টিলবডি নৌকা/বাল্কহেড তাদের নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা সাতজন শ্রমিক পানিতে পড়ে যান। ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আনফর মিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নৌকায় থাকা একই গ্রামের শ্রমিক আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্টিলবডির ধাক্কায় নৌকাটি ডুবে যাওয়ার পর সবাই পানিতে পড়ে যান। ছয়জন তীরে উঠতে পারলেও আনফরকে তখন খুঁজে পাওয়া যায়নি।

 


ঘটনার পরপরই নিখোঁজ আনফর মিয়ার সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায় নি। অবশেষে তিনদিন পর শুক্রবার সকালে দোয়ারাবাজার উপজেলা ঘাট এলাকায় সুরমা নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

 


ছাতক ফাঁড়ির নৌ—পুলিশ ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ নদীতে গিয়ে নিখোঁজ শ্রমিকের সন্ধানে অভিযান চালায়। ফায়ার সার্ভিসও উদ্ধারকাজে অংশ নেয়। শুক্রবার সকালে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নদীপথে চলাচলকারী নৌযানের নিরাপত্তা নিশ্চিত এবং বেপরোয়া নৌযান চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার