প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ২৩:৩৪
বিশ্বম্ভরপুরে গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএস—ভিত্তিক) আরসিআইপি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে গ্রামীণ সড়কের ‘কোর রোড নেটওয়ার্ক’, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এলজিইডির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার। উপজেলা প্রকৌশলী রজত কান্তি দাসের সঞ্চালনায় কর্মশালার মূল বিষয়বস্তু প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত উপস্থাপন করেন জিআইএস স্পেশালিস্ট বেটস কর্মকর্তা মো. আদনান হোসেন।
কর্মশালায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার বলেন, যে এলাকার যোগাযোগ ব্যবস্থা যত ভালো, সে এলাকার জনজীবন তত বেশি উন্নত হয়। বিশ্বম্ভরপুরের সড়ক যোগাযোগের মান আরও উন্নত করতে প্রয়োজনীয় মতামত দেওয়ার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
উন্মুক্ত আলোচনায় এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে আসে। বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন ফতেপুর ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানান। সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী সলুকাবাদের একটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং প্রেসক্লাবের সদস্য ও এনটিভি প্রতিনিধি জিয়াউর রহমান পলাশ পলাশ ইউনিয়নের গুরুত্বপূর্ণ ধরেরপাড় সড়কটি প্রকল্পে অন্তর্ভুক্তির প্রস্তাব করেন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, বাদাঘাট (দক্ষিণ) ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ছাবাব মিয়া, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ও প্রেস ক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ অবকাঠামো উন্নয়নে মাস্টার প্ল্যানের সঠিক বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন