প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ২৩:৪০
ছাতকে যৌতুক ও মানসিক নির্যাতনে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় প্রবাসী স্বামী আলী হোসেনকে (৩২) ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি আলী হোসেন ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের বড়বিহাই গ্রামের সফর আলীর ছেলে। বর্তমানে সে পলাতক রয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ৩ এপ্রিল ৩ লক্ষ টাকা দেনমোহরে আলী হোসেনের সাথে নানকার গ্রামের মৃত আমিরুল ইসলামের মেয়ে রুকসানা বেগমের (২২) পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই আলী হোসেন তার স্ত্রী রুকসানাকে আসবাবপত্র ও অন্যান্য উপঢৌকন এনে দেওয়ার জন্য মানসিক চাপ দিতে থাকে। চাহিদামতো জিনিসপত্র দিতে দেরি হলে সে রুকসানার ওপর নির্যাতন চালাই এবং নানাভাবে আত্মহত্যায় প্ররোচিত করত।
এরই জেরে ২০২৫ সালের ২৩ জুলাই রুকসানা বেগম শশুরবাড়িতে নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর মৃত রুকসানার বড় বোন মোছা. নাজমা বেগম বাদী হয়ে ছাতক থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং— ৩৩, তারিখ: ২৪/০৭/২০২৫)।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন। আসামির অনুপস্থিতিতে রায় ঘোষিত হওয়ায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি.) মো. জিয়াউর রহিম।
উপজেলার খবর থেকে আরো পড়ুন