প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ১৮:২৪
দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন ও স্থানীয় প্রশাসনকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বালুমহাল ইজারাদার কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে দোয়ারাবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়।
ইজারাদার প্রতিনিধি জামাল উদ্দিন, ফারুক মিয়া ও এরশাদুর রহমান জানান, সরকারি সব নিয়মকানুন মেনে এবং নির্ধারিত রাজস্ব প্রদান করে সম্পূর্ণ বৈধ উপায়ে খাসিয়ামারা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। একটি বিশেষ স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। নদীতে ৫০—৬০টি ড্রেজার চলাচলের দাবি ভিত্তিহীন। সরকারি রাবারড্যামের নিরাপত্তা রক্ষায় সরাসরি ভারী নৌযান না চালিয়ে কেবল ১৫—২০টি সেইভ মেশিন ও পাইপলাইনের মাধ্যমে নিরাপদে বালু স্থানান্তর করা হয়। খাসিয়ামারা পাহাড়ি ঢলের নদী হওয়ায় বর্ষায় স্বাভাবিক নিয়মেই কিছু অংশে ভাঙন দেখা দেয়। এর সাথে বালু উত্তোলনের সম্পর্ক নেই। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সরকারি নিয়ম মেনে কাজ চলে। ভোর থেকে দুপুর পর্যন্ত সনাতন পদ্ধতিতে বালু সংগ্রহ করে মাগরিবের আগেই সব কার্যক্রম বন্ধ করা হয়। এসময় তারা সরেজমিনে এসে প্রকৃত তথ্য অনুসন্ধানের জন্য সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
উপজেলার খবর থেকে আরো পড়ুন