এমপি নাছির চৌধুরীকে শিশির মনিরের খোলা চিঠি

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ২১:০০

পারিবারিক দ্বন্দ্ব নিরসনে সমঝোতার আহ্বান

সুনামগঞ্জ—২ (দিরাই—শাল্লা) আসনের বর্তমান পরিস্থিতি ও স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে ঘিরে তৈরি হওয়া পারিবারিক দ্বন্দ্ব নিরসনে প্রকাশ্যে সমঝোতার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ শিশির মনির। নাছির উদ্দিন চৌধুরীর প্রতি দেওয়া এক খোলা চিঠিতে তিনি এই আহ্বান জানান।
মঙ্গলবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক খোলা চিঠিতে সুনামগঞ্জ—২ আসনের এই রাজনীতিবিদ ও গেল জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী লিখেছেন, এমপি নাছির উদ্দিন চৌধুরীকে কেন্দ্র করে সম্প্রতি যে সংকট তৈরি হয়েছে, তা আর কেবল একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি পুরো এলাকা ও দেশজুড়ে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

 


চিঠিতে মোহাম্মদ শিশির মনির উল্লেখ করেন— দিরাই—শাল্লার সন্তান হিসেবে তিনি মনে করেন, জীবনের এই পর্যায়ে এসে প্রবীণ নেতা নাছির উদ্দিন চৌধুরীকে নিয়ে এ ধরনের বিতর্ক অত্যন্ত বেদনাদায়ক। এটি পুরো এলাকার জন্য এক ধরণের ‘সম্মিলিত লজ্জা’ হিসেবে দাঁড়িয়েছে।

 


অতীতে নাছির উদ্দিন চৌধুরী এলাকার বহু মানুষের জটিল সমস্যা নিরসন করেছেন উল্লেখ করে চিঠিতে বলা হয়, আজ আপনি নিজেই আলোচনার কেন্দ্রবিন্দু। তাই বিষয়টি আর বাড়তে দেওয়া ঠিক হবে না। এখানেই ইতি টানুন। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে নেন।


চিঠির শুরুতেই শিশির মনির লেখেন, আমি জানি এই চিঠি পড়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার মতো শারীরিক বা মানসিক অবস্থা আপনার নাই। তথাপি আপনার প্রিয়জনরা হয়তো আপনাকে অবগত করবেন।

 


উল্লেখ্য, গত কিছুদিন ধরে দিরাই—শাল্লা আসনের এমপি নাছির উদ্দিন চৌধুরীকে জিম্মি করে সম্পত্তি আত্মসাৎ এবং সরকারি প্রকল্প লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগ তুলছেন তাঁর স্ত্রী পারভিন আক্তার ও সৎ ভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক। পারভিন আক্তার ইতোমধ্যে আদালতে মামলা করেছেন, আর সৎ ভাই অভিযোগ করছেন যে অসুস্থ এমপিকে জিম্মি করে একটি সিন্ডিকেট অনৈতিক সুযোগ সুবিধা নিচ্ছে।

 


এই পারিবারিক ও রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে যখন দিরাই—শাল্লার রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত, ঠিক তখনই তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের এই খোলা চিঠি এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। এলাকার ভাবমূর্তি রক্ষায় দ্রুত এই পারিবারিক কলহের ইতি টানার জন্য নাছির উদ্দিন চৌধুরীর পরিবারের প্রতি অনুরোধ জানান শিশির মনির।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার