প্রাথমিকে বরখাস্ত দুই শিক্ষক

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ২২:২৮

ধর্মপাশায় দীর্ঘদিন ধরে বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পাপিয়া সুলতানা ও প্রিন্স চন্দ্র তালুকদার নামে প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পাপিয়া সুলতানা রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও প্রিন্স চন্দ্র তালুকদার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁরা দুজনই বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। 

 


সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা শেষে তাঁদের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’—এর অভিযোগ প্রমাণিত হওয়ায় গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। রবিবার এই সংক্রান্ত অফিস আদেশ এ প্রতিনিধির হাতে এসেছে।

 

 


পাপিয়া সুলতানা গত বছরের মে মাসে চিকিৎসাজনিত ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। পরে আর তিনি বিদ্যালয়ে যোগদান করেন নি। অপরদিকে প্রিন্স চন্দ্র তালুকদার গেল বছরের চার নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চিকিৎসাজনিত ছুটি নেন এবং এ ছুটি নিয়ে তিনিও অস্ট্রেলিয়ায় চলে যান। পরে তিনিও আর বিদ্যালয়ে যোগদান করেননি। আর বিদেশ যাওয়ার তথ্য প্রধান শিক্ষক সংশ্লিষ্ট শিক্ষা কার্যালয়ে অবগত করেননি। এমনকি পাসপোর্ট করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিও নেননি প্রিন্স চন্দ্র তালুকদার। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮—এর ৩(খ) ও (গ) উপবিধি অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’—এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। চলতি বছরের ১৫ মার্চ তাদের পৃথক স্মারকের মাধ্যমে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী পাঠিয়ে জবাব দিতে বলা হয়। অভিযোগনামা ও অভিযোগ বিবরণী তাঁদের স্থায়ী ঠিকানায় পাঠানো হলেও তারা কোনো জবাব দেন নি। পরে ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন চায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত ৩০ জুন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দেওয়া পৃথক তদন্ত প্রতিবেদনে বলা হয়, পাপিয়া সুলতানা ২০২৫ সালের ৪ মে থেকে এবং প্রিন্স চন্দ্র তালুকদার একই বছরের ৪ নভেম্বর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং তারা বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে ৩০ জুলাই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁদেরকে বরখাস্ত করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, অবিলম্বে এ আদেশ কার্যকরা করা হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার