প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ১৫:৪৪
তাহিরপুরে বিশেষ অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব—৯)। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের বালিজুরি পূর্বহাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো— তাহিরপুর উপজেলার বালিজুরি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে অলি হোসেন (৩৩) এবং একই গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে এনামুল (৩৫)।
র্যাব জানায়, সিপিসি—৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বালিজুরি চান্দার পয়েন্ট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বালিজুরি পূর্বহাটি এলাকার একটি আধাপাকা বসতঘরের ভেতর কতিপয় ব্যক্তি মাদক বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের টিমটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে তাদের কাছ থেকে দুটি কালো রঙের বায়ুরোধক পলিথিনের জিপারে রাখা ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, পরস্পর যোগসাজশে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
বুধবার (১১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট র্যাব—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮—এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদেরকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব—৯ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন