দিরাইয়ে মৎস্যপক্ষের উদ্বোধন

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ২৩:০৪

‘রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিরাইয়ে মৎস্যপক্ষের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হয়।

 


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকারের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবদুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দার, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মৎস্যচাষিরা।

 


সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দিরাইয়ের বিস্তীর্ণ হাওর ও জলাশয়কে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে মাছের উৎপাদন আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

 


তিনি বলেন, মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে চাষিদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলাশয় ও প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণেও সবাইকে সচেতন হতে হবে।

 


সনজীব সরকার আরও বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল কাজে লাগিয়ে মৎস্যচাষিরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে।
পরে সফল মৎস্যচাষি হিসেবে তারিফ উদ্দিন চৌধুরী, আহমদ আলী সরদার ও ফয়সাল আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার