প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ২৩:১০
মোশারফ সভাপতি, লাহিন সম্পাদক
জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মৌসুমের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের নির্বাচন রবিবার অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এবারের রোমাঞ্চকর নির্বাচনে সভাপতি পদে মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে লাহিন আহমেদ নির্বাচিত হয়েছেন।
অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ২টা থেকে পৌরসভার কেশবপুর বাজারস্থ অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিভিন্ন নিবন্ধিত ক্রিকেট ক্লাবের মনোনীত মোট ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। এই পদে প্রার্থী মোশারফ হোসেন ও হুমায়ুন আহমেদ উভয়েই সমান ৭টি করে ভোট পান। পরবর্তীতে নির্বাচনী বিধি অনুযায়ী লটারির মাধ্যমে মোশারফ হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। এই পদের অপর প্রার্থী সুবল দেব পেয়েছেন ৫টি ভোট।
এদিকে সাধারণ সম্পাদক পদেও তুমুল লড়াই হয়েছে। মাত্র ১ ভোটের ব্যবধানে বাজিমাত করেছেন লাহিন আহমেদ। তিনি ১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জুবেল আহমদ পেয়েছেন ৯টি ভোট।
নির্বাচন শেষে জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আকমল হোসেন ভূঁইয়া ও আবু হেনা রনি ফলাফল নিশ্চিত করে বলেন, অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আমাদের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটারদের রায়ে সভাপতি পদে মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে লাহিন আহমদ নির্বাচিত হয়েছেন। আশা করি, এই নতুন নেতৃত্ব আগামী এক মৌসুমে জগন্নাথপুরের মাঠের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন