প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ১৬:১৩
ছবি : সংগৃহীত
শাল্লা উপজেলায় ইয়াবা বিক্রির সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো— আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে হেলাল মিয়া (৪৪), একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৪৬) এবং উজানগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে খিজির মিয়া।
পুলিশ জানায়, আটগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দৌলতপুর অটোস্ট্যান্ড মোড়ে হেলালের দোকানের সামনে পাকা রাস্তার ওপর মাদক কেনাবেচা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) ইমাম আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় স্থানীয়দের সহায়তায় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়। তবে এ ঘটনায় এলাকার চিহ্নিত ‘মাদক সম্রাজ্ঞী’ এবং গ্রেপ্তার হেলাল মিয়ার স্ত্রী উজ্জলা বেগম পলাতক রয়েছে। পুলিশ জানায়, উজ্জলার বিরুদ্ধে শাল্লা থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
স্থানীয় বাসিন্দা নয়ন মিয়া জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের সিন্ডিকেট চালিয়ে আসছিল। তাদের কারণে এলাকার তরুণসমাজ ধ্বংসের মুখে পড়েছে। ইয়াবা কারবারের মূল হোতা উজ্জলাকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন