প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ১৬:১৭
আলোকসজ্জাও নিষিদ্ধ
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সুনামগঞ্জে দোকানপাট, শপিংমল ও মার্কেট খোলার সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে জেলার সব শপিংমল, মার্কেট ও দোকানপাট।
জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ১৬ আগস্ট এক গণবিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গত ১২ আগস্টের নির্দেশনা মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির প্রধান নির্দেশনাসমূহ হলো—
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট, শপিংমল ও মার্কেট খোলা রাখা যাবে। সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭ টার মধ্যে বন্ধ করতে হবে এবং সব ধরনের অনাবশ্যক আলোকসজ্জা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। জেলার বিভিন্ন প্রান্তে চলমান বা অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহ রাত ৮ টার মধ্যে বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ অন্যান্য জরুরি সেবা এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও আয়োজকদের প্রয়োজনীয় সহযোগিতা করার এবং নিয়ম কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন