প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১০:৫৯
সংগৃহীত ছবি
ওজন কমানোর আশায় অনেকেই প্রতিদিনের খাদ্যতালিকায় ব্ল্যাক কফি যোগ করেন। তবে শুধু ব্ল্যাক কফি পান করলেই দ্রুত ওজন কমে যাবে—এমন ধারণা পুরোপুরি সঠিক নয়। বিশেষজ্ঞদের মতে, ব্ল্যাক কফি ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে, তবে এটি কখনোই একক সমাধান নয়।
ক্যাফেইন শরীরের বিপাকীয় ক্রিয়া বা মেটাবলিজম সাময়িকভাবে কিছুটা বাড়াতে পারে এবং ক্ষুধা নিয়ন্ত্রণেও সহায়তা করতে পারে। তবে এর প্রভাব সীমিত। সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের সঙ্গে মিলিয়ে গ্রহণ করলে কিছু মানুষের ক্ষেত্রে কয়েক সপ্তাহ পর সামান্য পরিবর্তন দেখা যেতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ব্ল্যাক কফির কোনো তাৎক্ষণিক ওজন কমানোর ক্ষমতা নেই। ক্যাফেইন গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে বিপাকীয় ক্রিয়া কিছুটা সক্রিয় হলেও তা সরাসরি ওজন কমার সমান নয়।
গবেষণাগুলো বলছে, দৃশ্যমান ফল পেতে সাধারণত অন্তত ১২ সপ্তাহ নিয়মিত কফি পান করতে হয়। তবুও ফলাফল খুব বেশি নয়। অধিকাংশ ক্ষেত্রে ডায়েট ও ব্যায়ামের সঙ্গে মিলিয়ে ওজন কমার পরিমাণ এক কিলোগ্রামেরও কম থাকে। কিছু দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে, ২৪ সপ্তাহ পর্যন্ত নিয়মিত কফি পান করলে শরীরের চর্বি প্রায় ৪ শতাংশ পর্যন্ত কমতে পারে।
তাই শুধুমাত্র ব্ল্যাক কফির ওপর নির্ভর করে দ্রুত ওজন কমানোর আশা করা বাস্তবসম্মত নয়। বরং এটি স্বাস্থ্যকর জীবনযাপনের একটি সহায়ক অভ্যাস হিসেবে বিবেচনা করা উচিত।
গবেষণায় কী পাওয়া গেছে?
২০২৪ সালে নিউট্রিয়েন্টস সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় ৬০ জন অংশগ্রহণকারীকে ১২ সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। তারা প্রতিদিন তিন কাপ করে কফি পান করেন। গবেষণায় দেখা যায়, হালকা রোস্ট ও সাধারণ রোস্ট—উভয় ধরনের কফিই শরীরের চর্বির পরিমাণ যথাক্রমে ১.৪ শতাংশ এবং ১ শতাংশ কমাতে সাহায্য করেছে। একই সঙ্গে পেশির পরিমাণও সামান্য বেড়েছে।
তবে অংশগ্রহণকারীদের মোট ওজনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। গবেষকদের মতে, কফির প্রভাব ওজনের সংখ্যার চেয়ে শরীরের গঠনে বেশি প্রতিফলিত হয়।
ব্ল্যাক কফি কি পেটের চর্বি কমায়?
এর সরাসরি উত্তর হলো—না। ব্ল্যাক কফিতে থাকা ক্যাফেইন সাময়িকভাবে চর্বি পোড়ানোর প্রক্রিয়াকে কিছুটা ত্বরান্বিত করতে পারে, তবে এটি নির্দিষ্টভাবে পেটের চর্বি লক্ষ্য করে কাজ করে না।
বিশেষজ্ঞদের মতে, শরীরের কোনো একটি নির্দিষ্ট অংশের চর্বি শুধু কোনো বিশেষ খাবার বা পানীয়ের মাধ্যমে কমানো সম্ভব নয়। পেটের চর্বি কমাতে হলে সামগ্রিকভাবে শরীরের চর্বি কমাতে হবে, যা সম্ভব সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে।
সুতরাং, ব্ল্যাক কফি ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে, তবে এটি কোনো ‘ম্যাজিক ড্রিংক’ নয়। দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর অভ্যাসই ওজন কমানোর সবচেয়ে কার্যকর উপায়।
সূত্র: যুগান্তর .কম
এমডি
বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন