সকালের নাস্তায় যে স্বাস্থ্যকর খাবারগুলো থাকা উচিত

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১২:১৮

সংগৃহীত ছবি 

আমাদের শরীরের জন্য সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি সারা দিন আমাদের প্রাণবন্ত রাখে। এক গবেষণায় দেখা গেছে, সকালের নাস্তা বেশি পরিমাণে ক্যালরি পোড়াতে সাহায্য করে এবং সারাদিন ধরে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণেও সাহায্য করে। প্রতিদিন সকালে স্বাস্থ্যকর এবং ভারী নাস্তা খেলে মস্তিষ্ক ‍সারা দিনের জন্য তৈরি হয়ে যায় এবং শক্তি পাওয়া যায়। কিন্তু মনে রাখা দরকার যে, সব ভারী খাবারই স্বাস্থ্যকর নয়। তাই আমাদের জানতে হবে সকালের নাস্তায় কোন খাবারগুলো খাওয়া একেবারেই উচিত নয় এবং কোনগুলো খাওয়া উচিত।

 

চলুন সকালের নাস্তায় যে স্বাস্থ্যকর খাবারগুলো থাকা উচিত সেগুলো সম্পর্কে জেনে নিই-

 

ফল: সকালের নাস্তার জন্য সব চাইতে ভালো খাবার হচ্ছে ফল। কলা, আপেল, কমলা, আঙুর ইত্যাদি ধরনের ফল অথবা মৌসুমি ফল দিয়ে সকালের নাশতা করা সব চাইতে ভালো। ২টি কলা, ১টি আপেল, ১টি কমলা, ২/৩টি স্ট্রবেরি এভাবে শুধু ফল দিয়ে নাস্তা করা সকালের জন্য ভালো। চাইলে ফল দিয়ে সালাদের মতো তৈরি করেও খেতে পারেন।

 

 

ওটস: ওটস খেতে স্বাদের না হলেও এটি আমাদের দেহের জন্য অনেক ভালো একটি খাবার। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। ওজন কমাতে এবং কলেস্টোরল নিয়ন্ত্রণে রাখতে ওটসের জুড়ি মেলা ভার। তাই সকালে একবাটি ওটস খান। তবে কোনো ফ্লেভারড বা চিনিযুক্ত ওটমিল খাবেন না। চিনির পরিবর্তে মধু এবং সাথে কিছু ফল যোগ করে নিতে পারেন। এ ছাড়া ওটস খিচুড়ি নাস্তা হিসেবেও চমৎকার।

 


ডিম: ডিমকে বলা হয় ‘সুপারফুড’। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস। প্রোটিনের সব চাইতে ভালো উৎস হচ্ছে ডিম। এতে ক্যালোরিও থাকে বেশ কম। সকালের নাস্তায় অবশ্যই প্রত্যেকের ডিম খাওয়া উচিত। একজন পূর্ণবয়স্ক মানুষ হিসেবে সকালে ২টি ডিম খেলেই যথেষ্ট। তবে যারা একটু বেশি স্বাস্থ্যবান তাদের ডিমের কুসুম এড়িয়ে যাওয়া উচিত। তাই সকালের নাস্তায় ডিম সেদ্ধ বা ডিমের অমলেট রাখতে পারেন।

 

 

আটার রুটি: আটার রুটি নাস্তার জন্য বেশ ভালো একটি খাবার। বিশেষ করে যারা ভারী খাবার পছন্দ করেন তারা চাইলে সকালে পাউরুটি বা ভাত খাবার চাইতে আটার রুটি সবজি ভাজি বা ডিম অথবা ঝোলের তরকারি কিংবা কলা দিয়ে খেতে পারেন। এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। এছাড়া রুটি বেশ ভালো এনার্জি সরবরাহ করে আমাদের দেহে যা পুরো দিনই রাখবে সতেজ। তবে অবশ্যই তেলে ভাজা পরটা থেকে দূরে থাকতে হবে।

 

 

খিচুড়ি: অনেকেরই সকালে ভাত খাওয়ার অভ্যাস আছে। তারা চাইলে ভাতের বদলে সকালের নাস্তায় রাখতে পারেন খিচুড়ি। তবে অবশ্যই সবজি খিচুড়ি। চালের পরিমাণ কমিয়ে বেশি পরিমাণে সবজি দিয়ে রান্না করা খিচুড়ি দিয়ে সেরে নিতে পারেন সকালের নাস্তা। এতে করে ভারী নাস্তার ‍সঙ্গে দেহে পর্যাপ্ত পুষ্টিরও জোগান হবে।

 

 

দই: দই দিয়ে দিনের শুরুটা অনেকেই করতে চান না। কিন্তু দই দেহের জন্য অনেক বেশি কার্যকরী একটি খাবার। এতে রয়েছে ক্যালসিয়াম, যা হাড়ের গঠনে কাজ করে। দিনের শুরু দই দিয়ে করলে পুরো দিন আপনার দেহে থাকবে অফুরন্ত এনার্জি, আসবে না ক্লান্তি। তাই সকালের নাস্তায় কিছু ফলের পাশাপাশি দই রাখুন।

 

 

সালাদ: সাধারণত সালাদ মানে অনেকে মনে করেন যে শসা, টমেটো আর গাজরের হতে হবে। তবে এমনটা মনে করার কোনো কারণ নেই। সুস্বাস্থ্যের জন্য এসব সবজির সাথে সালাদে ব্যবহার করতে পারেন সেদ্ধ ডিম বা সেদ্ধ মাংস অথবা সেদ্ধ ছোলাবুট। এছাড়া ফলের সালাদও খেতে পারেন। এ সালাদগুলো স্বাস্থ্যের জন্য ভালো এবং দিনের শুরুটা চমৎকার করতে বেশ কার্যকরী হয়ে থাকে।
সূত্র: কালবেলা .কম
এমডি

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার