গ্রিসযাত্রায় নিহতদের পরিবারকে সহায়তার সদিচ্ছা

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ২৩:১০

সুনামগঞ্জের যেসব অভিবাসনপ্রত্যাশী সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন তাঁদের পরিবারের অন্তত একজন সদস্যকে নিখরচায় মালয়েশিয়া পাঠানোর জন্য সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন প্রস্তাব করলে তাতে সম্মতি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গত মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে ‘নিরাপদ অভিবাসন ও অবৈধপথে বিদেশ গমন প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় মন্ত্রী এই সম্মতি প্রদান করেন। সরকার ১০ হাজার বাংলাদেশিকে সরকারি খরচে  মালয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সুনামগঞ্জের গ্রিসগামী ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এর আওতায় উল্লেখিত সুবিধা পাবেন। পরিবারের স্বচ্ছলতা ফিরানোর জন্য জীবন ঝঁুকি নিয়ে যেসব তরুণ গ্রিসে যাওয়ার পথে মৃত্যুবরণ করেছেন তাঁদের সেই মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, তবে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত ও দুর্দশাগ্রস্ত পরিবারগুলো কিছুটা পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে। গণমুখী ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতিশীল এই সিদ্ধান্তের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীকে আমাদের কৃতজ্ঞতা ও অভিনন্দন। ওই মতবিনিময় সভায় যে উদ্বেগজনক তথ্যটি জানা যায় তা হলো— স্বপ্নের দেশ গ্রিসের পথে সমুদ্রপথে রওয়ানা হয়ে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মধ্যে সুনামগঞ্জ জেলার বাসিন্দার সংখ্যা ক্রমবর্ধমান। এই যাত্রাপথে দেশের মধ্যে সুনামগঞ্জের অবস্থান ঝঁুকিপূর্ণ। লিবিয়া হয়ে যাঁরা গ্রিসে যাওয়ার অভিপ্রায় নিয়ে দেশ ছাড়েন তাঁদের একটি বড় অংশ সফল হতে পারেন না। দালালচক্রের দৌরাত্ম্য ও প্রতারণা, সমুদ্রযাত্রায় বিপদসঙ্কুল ‘গেইম’ ও নির্যাতনের কারণে বহু তরুণের অকাল মৃত্যু ঘটে। আমরা এই অনিরাপদ অভিবাসন থামাতে পারছি না। সরকার নানাভাবে অবৈধ অভিবাসন থেকে নিবৃত্ত থাকার জন্য নাগরিকদের সচেতন করে কিন্তু দেশে উপযুক্ত কর্মসংস্থানের অভাবে দিশেহারা তরুণ সম্প্রদায় পতঙ্গের আগুনে ঝাঁপ দেয়ার মতো করেই মৃত্যুর ঝঁুকি নিয়ে জুয়ার বাজি ধরেন। এই মৃত্যুযাত্রা অবশ্যই থামাতে হবে। মঙ্গলবারের মতবিনিময় সভায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী সরকারের এই সচেতনতা তৈরির উদ্যোগ সম্পর্কে বিস্তারিত অবগত করেন। এছাড়া উচ্চমজুরিতে দক্ষ জনশক্তি পাঠাতে উপযুক্ত প্রশিক্ষণের জন্য সরকার কর্তৃক সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করার বিষয়টিও মন্ত্রী অবহিত করেন। এরই অংশ হিসেবে জেলার পাঁচ সংসদীয় আসনে পৃথক ভাষা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কথা জানানো হয়। আমরা জানি, এখন বিদেশে কর্মসংস্থানের জন্য যারা যান তাঁদের সিংহভাগ অদক্ষ ও অর্ধদক্ষ।

 

 

এর কারণে অনেকে বিদেশে উপযুক্ত কাজ পান না, অনেকে কম মজুরিতে কাজ করতে বাধ্য হন। অন্য যেসব দেশ অভিবাসনকে গুরুত্ব দেয় তাঁরা দক্ষ কর্মী পাঠানোর বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকে। এক্ষেত্রে অতীতে আমরা যথেষ্ট অবহেলার পরিচয় দিয়েছি। অথচ পরিকল্পিত উদ্যোগ নিয়ে দক্ষতা বাড়ানোর ব্যবস্থা করলে বৈদেশিক রেমিটেন্স আয় বহু গুণ বাড়ানো সম্ভব হতো। উল্লেখ করা আবশ্যক, মধ্যপ্রাচ্যসহ বিদেশের শ্রমবাজারে কর্মী পাঠানোর কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি’র শাসনামলে। বর্তমান বিএনপি সরকার সেই ঐতিহ্য রক্ষা করেই দক্ষ জনশক্তি রপ্তানির বিষয়ে মনোযোগী হয়েছে, এতে সফলতা অর্জন করলে তা একটি মাইলফলকরূপে বিবেচিত হবে। 

 


সমুদ্রপথে মৃত্যুবরণকারী সেই তরুণদের পরিবারকে কী দুঃসহ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তা ভুক্তভোগী ছাড়া আর কারও পক্ষে বুঝা সম্ভব নয়। তবে রাষ্ট্রকে তার নাগরিকের সকল দুঃখ—কষ্টের অনুভূতি অনুভব করতে হয়। যে রাষ্ট্র যতো বেশি সংবেদনশীল সেই রাষ্ট্র ততোবেশি গণমুখী চরিত্রের অভিধায় অভিষিক্ত হয়।  দেশব্যাপী বিস্তৃত জনপ্রতিনিধিত্বের দায়িত্বশীল উপস্থিতি নাগরিকের এই কষ্টের কথা উচ্চপর্যায়ে পৌঁছে দেয়। যেমন সুনামগঞ্জে দিয়েছেন একজন সংসদ সদস্য। এই ধরনের সহনাভূতিময় দায়িত্বশীলতা যতো সম্প্রসারিত হবে নাগরিকগণ ততো রাষ্ট্রটিকে নিজের বলে ভাবতে অভ্যস্ত হবেন। তবে আশ^াস ও তা পূরণের মধ্যে বিস্তর দূরত্ব। আশ^াস যখন বাস্তবায়নের মধ্য দিয়ে শেষ হয় তখনই তা পরিপূর্ণতা পায়। সুতরাং গ্রিস যাত্রায় মৃত্যুবরণকারী পরিবারের একজন সদস্যকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর যে প্রতিশ্রম্নতি দেয়া হলো তা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সেদিকে মনোযোগী হওয়া এখন সকলের লক্ষ্য হওয়া উচিৎ। মন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি, উপযুক্ত কর্মী বাছাই এবং তাঁদের মালয়েশিয়া পাঠানো পর্যন্ত প্রতিটি ধাপে সমান গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে  সরকারি প্রশাসন, বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং জনপ্রতিনিধিগণকে। 

 


সরকারের দেয়া প্রতিশ্রম্নতি যথাযথভাবে বাস্তবায়িত হোক, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একটু আশার আলো দেখুক এই আমাদের কামনা।

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার