অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ২৩:৪৬

বৃহস্পতিবার (২০ আগস্ট) সংবিধানসম্মত উপায়ে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২৫৫ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত জোট মনোনীত প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি সজ্জন রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমাদের উষ্ণ অভিনন্দন ও বিন¤্র শ্রদ্ধা। রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের পদে থেকে তিনি এই জাতি ও রাষ্ট্রকে সঠিক পথনির্দেশনা দেয়ার মাধ্যমে বিশ^দরবারে গৌরবের আসনে নিয়ে যেতে সক্ষম হবেন বলে আমাদের দৃঢ় বিশ^াস। ২০২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের সময়ে তিনি রাষ্ট্রপতির পদ গ্রহণ করেছেন। গণঅভ্যুত্থানে জাতির কিছু আকাক্সক্ষা স্পষ্ট হয়েছিলো। সেই আকাক্সক্ষা ছিলো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণের পাশাপশি জনগণের জীবনের প্রতিটি জায়গায় স্বস্তি, নিরাপত্তা, শান্তি, সমতা, ন্যায্যতা, স্বচ্ছতা প্রতিষ্ঠা করা। জনআকাক্সক্ষা পূরণের এই জায়গায় সর্বোচ্চ অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির অনেক কিছু করার আছে। তিনি নিশ্চয়ই এই জায়গায় উল্লেখযোগ্য অবদান রাখার মাধ্যমে ইতিহাসে অমর হয়ে থাকবেন। 

 


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশাল ভাবমূর্তিসম্পন্ন, উচ্চতর প্রজ্ঞাবান, জনসেবায় আত্মনিবেদিত এবং একজন আদর্শ রাজনীতিক। তিনি মার্জিত, পরিচ্ছন্ন এবং অন্যকে সম্মান দেখানোর জায়গায় ইতোমধ্যে স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন। কলেজে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করা এই রুচিবান ও সুশিক্ষিত ব্যক্তিত্ব রাজনীতিতে আসার পর তৃণমূল থেকে ধীরে ধীরে জাতীয় রাজনীতির অপরিহার্য অংশ হয়ে উঠেছেন। নিজের জনসম্পৃক্ততা, দরদী মনোভাব, গণতন্ত্রের প্রতি অবিচল প্রত্যয়, আপোসহীন দৃঢ়চিত্ত, কৌশলী সাংগঠনিক দক্ষতা; প্রভৃতি মিলিয়ে তিনি এ দেশের একজন আদর্শ রাজনীতিকের পরিচয়গর্বে পরিণত হয়েছেন। এমন একজন মার্জিত ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়ে বিএনপি রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছে। সামনের দিনগুলোয় নবনির্বাচিত রাষ্ট্রপতি যথাযোগ্য ভূমিকা পালনের মাধ্যমে বাংলাদেশকে এক সুতোয় বাঁধবেন বলে আমরা আশা করি। 

 


বর্তমানে নানাবিধ জাতীয় ও আন্তর্জাতিক প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। সারা বিশ^ আজ নতুন মেরুকরণের প্রক্রিয়ায় বিভক্ত। জটিল ভূ—রাজনৈতিক বাস্তবতায় সঠিক পথে থাকার দুরূহ চ্যালেঞ্জ নিয়ে পথ চলতে হচ্ছে। দেশের ভিতর রাজনৈতিকভাবে পুরো জাতি নানাভাবে বিভক্ত। জাতীয় স্বার্থে জাতিগত একতার ভীষণ প্রয়োজন। রাজনৈতিকভাবে বহুধাবিভক্ত আমরা। এই বিভক্তি আরও বহুভাবে বিস্তৃত।  অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা এখনও সুদূরপরাহত। সুশাসন, ন্যায্যতা, মানবিক অধিকার, সকল প্রকার বৈষম্যের নিরসন; প্রভৃতি জায়গায় আমাদের অনেক কাজ করতে হবে। এই কঠিন কর্মসম্পাদনে যেমন দরকার জাতির ন্যূনতম ইস্যুতে ঐকমত্য প্রতিষ্ঠা, তেমনি দরকার আত্মসমালোচনার মধ্য দিয়ে আত্মশুদ্ধির দিকে এগিয়ে যাওয়া। বিভক্ত জাতি এক হতে পারলে সুজলা—শ্যামলা এই বাংলার ভবিষ্যৎ উজ্জ্বল। ওই উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে নবনির্বাচিত রাষ্ট্রপতি অনুপম দায়িত্বশীলতার পরিচয় দিবেন বলে আমরা প্রত্যাশা করি। 

 


বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা সীমিত। তবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরির বিষয়ে জুলাই সনদে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল ঐকমত্য হয়েছিলেন। জাতীয় সংসদের সামনের অধিবেশনে জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলে অনুমিত হয়। তখন হয়তো দেশের ক্ষমতাকেন্দ্রকে ভারসাম্যপূর্ণ করতে রাষ্ট্রপতির হাতে কিছু সুনির্দিষ্ট ক্ষমতা অর্পিত হবে। সরকার ব্যবস্থা যাতে ফ্যাসিবাদি চরিত্র অর্জন করতে না পারে সেজন্য ক্ষমতার ভারসাম্য অতীব জরুরি। একজনের হাতে সকল ক্ষমতা ন্যস্ত থাকলে ফ্যাসিবাদি প্রবণতা মাথা তোলে উঠে। সাম্প্রতিক অতীতে এই ধরনের অবস্থার তীব্রতা পেয়েছিলো। গণতন্ত্রকে সংহত করা এবং রাজনৈতিক ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য ক্ষমতা কাঠামোর নিরঙ্কুশ এককেন্দ্রিকতা পরিহার আবশ্যকীয়। সামনের জাতীয় নির্বাচনগুলো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আওতায় অনুষ্ঠিত হওয়ার কথা। সুতরাং ভবিষ্যৎ রাষ্ট্রপতিকে অনেক গুরুদায়িত্ব পালন করতে হবে নিঃসন্দেহে। এই কারণে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে জনমনে ভীষণ আগ্রহ পরিলক্ষিত হচ্ছিল। এই পদে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার বিষয়টি তাই জাতির জন্য আনন্দের। 

 


দায়িত্ব পালনের সময়টুকু তিনি ধৈর্য ও সৃজনশীলতার মধ্য দিয়ে জনগণের অভিপ্রায় বাস্তবায়নের দৃষ্টান্ত স্থাপন করে জনমানসে ধ্রুবতারার ন্যায় সমুজ্জ্বল থাকবেন বলে সকলে আশা করেন। তাঁর জন্য সর্বতো শুভকামনা।

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার