‘রেলের সংস্কারকাজে বর্ষার অজুহাত যুক্তিসংগত নয়’

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ২৩:৪৪

সিলেট—ছাতক রেলপথ পুনর্বাসন প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হলেও কাজের অগ্রগতি মাত্র ২০ থেকে ২৫ শতাংশ। ২১৭ কোটি টাকার এই প্রকল্পের ৭৫ থেকে ৮০ শতাংশ কাজ এখনো বাকি। বিভিন্ন এলাকায় সংস্কারকাজ বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে রেল যোগাযোগ চালুর অপেক্ষায় থাকা মানুষের মধ্যে দেখা দিয়েছে হতাশা। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করতে আরও এক বছর সময় চেয়েছে। প্রকল্পের ধীরগতির কারণ এবং কবে নাগাদ এই রেলপথে ট্রেন চলাচল শুরু হতে পারে—এসব বিষয় নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবর এর বিশেষ আয়োজন ‘খবরনামা’য় কথা বলেছেন সুনামগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের নির্মাণকাজ ও প্রকল্প বাস্তবায়নের সঙ্গে দীর্ঘদিন যুক্ত জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। সাক্ষাৎকারের নির্বাচিত অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো—

 

দৈনিক সুনামগঞ্জের খবর: নির্ধারিত সময় শেষ হলেও ৭৫ থেকে ৮০ শতাংশ কাজ এখনো বাকি। এই ধীরগতির মূল কারণ কী বলে আপনি মনে করেন?
মোহাম্মদ নজরুল ইসলাম: সুনামগঞ্জ জেলার শিল্পনগরী হিসেবে খ্যাত ছাতকের সঙ্গে রেললাইনের সংযোগ ও চলাচল শুরু হয়েছিল ১৯৫৪ সালে। ২০২২ সালের প্রলয়ংকরী বন্যায় এই রেললাইন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। রেললাইনটি পুনরায় সংযোগ করতে সরকার ২০২৫ সালের শুরুর দিকে নতুন করে নির্মাণকাজের জন্য ঠিকাদার নিয়োগ করে। সেই ঠিকাদার এখন পর্যন্ত ২০ থেকে ২৫ শতাংশ কাজ করেছে, বাকি রয়েছে প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ।

 


শুরু থেকেই এই রেলপথ ছাতক থেকে চুনাপাথর ও পাথর দেশের বিভিন্ন প্রান্তে পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ভোলাগঞ্জ থেকে আসা পাথর এবং ছাতকের চুনাপাথর দেশজুড়ে সরবরাহ হতো। কিন্তু ২০২২ সালের বন্যার পর থেকে এই কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। বিগত অন্তর্বতীর্কালীন সরকারের আমলে এ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রায় এক বছর পার হয়ে গেলেও কাজের তেমন কোনো অগ্রগতি হয়নি।

 


সম্প্রতি ‘দৈনিক সুনামগঞ্জের খবর’—এ প্রকাশিত এক প্রতিবেদনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দাবি করেছেন, কাজ অনেকদূর এগিয়েছে—বক্স কালভার্টের পাইলিং ও মাটির কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ দ্রুত শেষ করা হবে। তবে ওই প্রতিবেদনেই জানা যায়,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজ শেষ করতে আরও এক বছর সময় চেয়েছেন। কিন্তু ২০২৫ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত যদি কাজের অগ্রগতি মাত্র ২০ শতাংশের মতো হয়, তাহলে বাকি কাজ শেষ করতে আরও সময়ের প্রয়োজন হবে। তাই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাওয়া অতিরিক্ত এক বছরে পুরো কাজ শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়ে আমাদের সংশয় রয়েছে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: এক বছরেও কাজ শেষ না হওয়ার পেছনে আসলে কী কী কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়?
মোহাম্মদ নজরুল ইসলাম: কর্তৃপক্ষ বলছে, বন্যা ও বর্ষাকালীন সময়ে কাজ করা সম্ভব হয়নি। আমার মনে হয় না এই যুক্তি সঠিক। কারণ চাইলে অনেক কাজই এই সময়ে করা যেত। যেমন—যেসব স্থানে রেললাইনের জন্য মাটি ভরাট করা হয়েছে, সেখানে স্লিপার বসানোর কাজ চালিয়ে যাওয়া যেত। তা করা হলে কাজের অগ্রগতি দৃশ্যমান হতো।

দৈনিক সুনামগঞ্জের খবর: কর্তৃপক্ষ ধীরগতির একটি কারণ হিসেবে এলাকার প্রাকৃতিক আবহাওয়া ও বর্ষা মৌসুমকে দায়ী করছে। প্রকল্প প্রণয়নের সময় কি এই বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা করা হয় না?
মোহাম্মদ নজরুল ইসলাম: এটি জানা দরকার যে এই রেললাইন সম্পূর্ণ নতুন কোনো নির্মাণকাজ নয়, বরং পুরোনো একটি রেললাইনের সংস্কার কাজ। তাই প্রাকৃতিক দুর্যোগের যুক্তি যুক্তিসংগত মনে হয় না। ইচ্ছা করলে তারা এই কাজ চালিয়ে যেতে পারতেন। আমার মনে হয়, কাজ পরিচালনায় বিভিন্ন ধরনের ত্রুটি রয়েছে, যা তারা প্রকাশ করছেন না। সদিচ্ছা থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যেই এই কাজ সম্পন্ন করা সম্ভব ছিল।


দৈনিক সুনামগঞ্জের খবর: সুনামগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি—ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেলপথ সম্প্রসারণ। কিন্তু সিলেট—ছাতক রেলপথ সংস্কার প্রকল্পেই যেখানে দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তা দেখা যাচ্ছে, সেখানে ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেলপথ সম্প্রসারণের বিষয়ে আপনি কী বলবেন?


মোহাম্মদ নজরুল ইসলাম: সিলেট থেকে ছাতক অনেক পুরোনো একটি রেলপথ। পাশাপাশি সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে রেল সংযোগের জন্য মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। আমরা মনে করি, বর্তমান গণতান্ত্রিক সরকার সুনামগঞ্জের মানুষের এই দাবির প্রতি সুবিচার করবে এবং সুনামগঞ্জ সদরের সঙ্গে রেল সংযোগ স্থাপন করবে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: সিলেট—ছাতক রেল সংস্কার কাজের ধীরগতির পেছনে তদারকির কোনো গাফিলতি আছে বলে মনে করেন কি?
মোহাম্মদ নজরুল ইসলাম: আমাদের প্রত্যাশা বর্তমান গণতান্ত্রিক সরকার যদি কোনো ত্রুটি—বিচ্যুতি থেকে থাকে তা সংশোধন করবে এবং জনগণের দাবি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার