প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৫
জেলার মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণে জেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক)—এর এক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. সাইফুল ইসলাম শুদ্ধাচার কৌশল প্রণয়ন ও তা কার্যকর বাস্তবায়নের প্রতিশ্রম্নতি ব্যক্ত করেন।
তিনি জানান, সুনামগঞ্জের ১২টি উপজেলার সবকটিতেই বর্তমানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। পাশাপাশি সরকারি ও এমপিওভুক্ত অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ খালি থাকায় প্রশাসনিক ও শিক্ষাকার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে। তবে সংকট সত্ত্বেও জেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে মনিটরিং জোরদার করা হয়েছে এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিগুলো পুনর্গঠনের কাজ চলমান রয়েছে। শিগগিরই একটি শুদ্ধাচার কৌশলপত্র প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)—এর অনুপ্রেরণায় গঠিত সনাক সদস্যরা সুনামগঞ্জের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়ম ও সমস্যা সমাধানে পূর্বের ইস্যুকৃত চিঠি বাস্তবায়নের দাবি জানান। সভায় ঝরে পড়া শিক্ষার্থী রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ ও শিক্ষকদের ‘হোম ভিজিট’ বৃদ্ধি, নিয়মিত প্রাতঃসমাবেশ, অভিভাবক সভা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) সক্রিয় করা, বিদ্যালয়ের নৈতিকতা কমিটি কার্যকরকরণ এবং সময়সূচি কঠোরভাবে মেনে চলা, শিক্ষা অফিসের ওয়েব পোর্টাল হালনাগাদ করা, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও শিক্ষা সহায়ক উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করা ও ক্লাস চলাকালে শিক্ষকদের স্মার্টফোন ব্যবহার বন্ধ করা তাগিদ দেয়া হয়।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি কানিজ সুলতানা বলেন, শিক্ষাসেবার মানোন্নয়নে দ্বিপাক্ষিক আলোচনা ও সহযোগিতার ভিত্তিতে স্বচ্ছতা ও সুশাসন বৃদ্ধি সম্ভব। তিনি উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও বিদ্যালয়গুলোতে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান জানান। প্রয়োজনে এসব সমস্যা সমাধানে স্থানীয় সংসদ সদস্যদের সাথে যৌথভাবে আলোচনার তাগিদ দেন তিনি।
টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রাহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিদর্শক তাহমিনা ইয়াসমিন ও ডিস্ট্রিক্ট ট্রেনিং কোঅর্ডিনেটর মো. সারোয়ার জাহান খান, সনাক সদস্য প্রফেসর পরিমল কান্তি দে, সঞ্চিতা চৌধুরী, রীনা ঘোষ, মো. আশরাফুজ্জামান বাবলু ও রাজু আহমেদ, ইয়েস দলনেতা পার্থ সাহা ও সাবেক ইয়েস দলনেতা পারমিতা রায়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন