স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও যোগ্য প্রার্থী দেওয়া হবে: নাছির চৌধুরী

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩৫

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও বিএনপি যোগ্য ও সৎ প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ—২ (দিরাই—শাল্লা) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরী।

 


তিনি বলেন, স্থানীয় সরকারের সবগুলো নির্বাচনে আমরা প্রার্থী দেব এবং নির্বাচিত করব। কোনো অসৎ ব্যক্তিকে প্রার্থী করব না, আপনারাও তাদের ভোট দেবেন না। নির্বাচন নির্দলীয় ও দলীয় প্রতীক ছাড়া হলেও দল থেকে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিরাইয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


দিরাই পৌর শহরের বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আমির আলীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নাছির উদ্দীন চৌধুরী।

 


নাছির চৌধুরী বলেন, এখন থেকেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে হবে। যাতে কোনো অসৎ ব্যক্তি নির্বাচিত হয়ে উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে না পারে। অসৎ লোকদের থেকে আপনারা দূরে থাকবেন। আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের থেকেও দূরে থাকবেন।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে মনোনয়ন দেওয়ার জন্য দিরাই—শাল্লাবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। তিনি দিরাই—শাল্লার উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। এ এলাকায় উন্নয়ন হবে, ইনশাআল্লাহ।


বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, জাতীয়তাবাদী দলের জন্য তাঁদের আত্মত্যাগ জাতি আজীবন শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। আমি তাঁদের জন্য দোয়া চাই। আল্লাহ তাঁদের জান্নাতুল ফেরদৌস দান করুন।

 


সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, কবির মিয়া, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, নুরুল হক তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান, সাবেক পৌর বিএনপির সহসভাপতি জালাল মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মাইদুল ইসলাম চৌধুরীসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

 


এর আগে নাছির চৌধুরীর আগমনকে কেন্দ্র করে এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হন। এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা দিরাই পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সভাস্থলে এসে যোগ দেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার