‘উন্নয়নবান্ধব সরকার পরিচালনায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ’

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসাহ—উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে হাজার হাজার নেতা—কর্মীর অংশগ্রহণে সুনামগঞ্জ পৌর শহরের রাজপথ জনসমুদ্রে পরিণত হয়।

 

 


মঙ্গলবার দুপুর ১২টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জেলা বিএনপির কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও দূর—দূরান্ত থেকে ছোট ছোট মিছিল নিয়ে আসা নেতা—কর্মীরা সুসজ্জিত ব্যানার, ফেস্টুন, লাল টুপি এবং জাতীয় ও দলীয় পতাকাসহ দলীয় কার্যালয়ের সামনে এসে জমায়েত হন। ঢোল—ঢাক পিটিয়ে নাচে—গানে উৎসবমুখর পরিবেশে সমবেত হন কর্মীরা। এ সময় প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন নেতা—কর্মীরা। বিশেষ করে বিএনপি ও এর অঙ্গ—সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নারী কর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি শোভাযাত্রায় বাড়তি মাত্রা যোগ করে।

 


জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন এবং সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের আলফাত স্কয়ারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোসেন বখত চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। শোভাযাত্রায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ প্রবীণ ও নবীন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 


সমাবেশে সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের উপস্থিত সকল নেতা—কর্মী ও ভাই—বোনদের আমার ব্যক্তিগত ও দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্রের মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানকে, যার সুদৃঢ় নির্দেশে দলটি আজ অত্যন্ত সুসংগঠিত। দূর—দূরান্ত থেকে এসে আজকের এই শোভাযাত্রা ও র‌্যালি সফল করার জন্য আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 


সুনামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আমরা অনুপ্রাণিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে। সুনামগঞ্জে বিএনপি একটি অত্যন্ত জনপ্রিয় ও শক্ত ভিত্তিসম্পন্ন রাজনৈতিক দল, যা বিগত নির্বাচনে জেলার ৫টি আসনেই ধানের শীষের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার মাধ্যমে জনগণ প্রমাণ করেছেন।

 

 

 

 

 


তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণেই কাজ করছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এবং ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা নিশ্চিত সহ বিভিন্ন উন্নয়নমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা সুনামগঞ্জের সর্বাঙ্গীন উন্নতি সাধন করতে চাই এবং এ লক্ষ্যে জেলার আপামর সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আগামীতে একটি কল্যাণকামী সরকার গঠনের মাধ্যমে শান্তি—শৃঙ্খলা বজায় রাখা ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি সবসময় মানুষের পাশে থাকবে।

 

 

 

 


সমাবেশে বিএনপি নেতারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের এই বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ১৭—১৮ বছর পর একটি মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে নেতাকর্মীরা বিপুল উৎসাহ—উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করেছেন। আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ সুসংগঠিতভাবে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, দেশের আপামর সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং গণতন্ত্র ও সাম্য পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে। ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং তারেক রহমানের নির্দেশনায় একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আগামী দিনে জনগণের সুখে—দুঃখে পাশে থেকে একটি কল্যাণমুখী ও উন্নয়নবান্ধব সরকার পরিচালনায় বিএনপি প্রতিশ্রম্নতিবদ্ধ।

 


শোভাযাত্রায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সোহেল, আকবর আলী, জেলা আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড. আব্দুল হক, আহ্বায়ক কমিটির সদস্য নাদীর আহমদ, অ্যাড. শেরেনুর আলী, রেজাউল হক, নজরুল ইসলাম, মুনাজ্জির সুজন, সদর উপজেলার আহ্বায়ক ফারুক আহমদ লিলু, পৌর বিএনপির আহ্বায়ক জুনেদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার