প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২১
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মানসিকতা ও বিজ্ঞানবোধ গড়ে তোলার লক্ষ্যে ‘সায়েন্স রিসার্চ সেন্টার, সুনামগঞ্জ’ এর উদ্যোগে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ১১ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম চন্দ্র বর্মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। তিনি বলেন, শিক্ষার মূল লক্ষ্যই হলো ভালো মানুষ তৈরি করা। যেসব শিক্ষার্থী বাবা—মাকে শ্রদ্ধা করে, শিক্ষকের নির্দেশ মান্য করে এবং নিয়মিত রুটিন মেনে পড়াশোনা করে, তারা অবশ্যই ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বিভিন্ন প্রতিযোগিতায় টিকে থাকার জন্য পরীক্ষার ভালো ফলাফলের পাশাপাশি জীবনদক্ষতা অর্জন করা আবশ্যক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘সায়েন্স রিসার্চ সেন্টার, সুনামগঞ্জ’ এর সভাপতি ও সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুভাষ চন্দ্র দাস। বিজ্ঞান চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিজ্ঞান সত্য ও বাস্তবকে মানুষের সামনে আয়নার মতো প্রতিবিম্ব হিসেবে তুলে ধরে। তাই শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চা বাড়িয়ে তোলা অতীব জরুরি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল ছত্তার, হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি দাস, হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তফাজ্জল হক, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আহমেদ নয়ন।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক আহমেদ এবং সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইমরান হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রসার ও আগ্রহ তৈরি করাই সায়েন্স রিসার্চ সেন্টারের মূল লক্ষ্য।
উপজেলার খবর থেকে আরো পড়ুন