প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪১
কবিতা
মোরা একবৃন্তে ছিলাম তখন
এখন আছি অল্প
গিট কেটেছে নেংটি ইঁদুর
মিথ নয় সে গল্প।
হিন্দু আর মুসলিম বলে
ডুবে যায় যতো তরি
সব বিভেদের রেখা থেকে গেছে
সাম্য গিয়েছে মরি।
এক হাতে মম বাঁশের বাঁশরী
ছিড়েছে যতো বন্ধন
ক্রন্দন রোল ভাসছে বাতাসে
কষ্টে মরিছে নন্দন।
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি
কেতাবেই পড়ে মরে
মাতা-ভগ্নি ও আছে যতো নারী
সমতার তরে লড়ে।
বিশ্ব মোড়ল দেশ গিলেছে
শির নত আজ বাঙ্গলির
কে বলবে ‘শালা দেশ ছেড়ে যা’
কই সে সাহসী বীর ?
নতজানু আজ রাষ্ট্রনীতি
শোষণে ছেয়েছে দেশ
বিলেতি ইঁদুর ফাঁদ পেতেছে
মোসাহেব বলে বেশ।
ভাঙ্গা তরী খানি ডুবছে দেখো
পায়না কিনারা খোঁজে
নজরুল সবে খন্ডিত করে
যে যার নিয়েছে বুঝে।
আজ দুর্দিনে শোষিতের পানে
নজরুল এসো ছুটে
মুক্তির লাগি মরছে বাঙ্গালি
নিস্ফল মাথা কুটে।
অচেতনদের চেতন ফেরাও
শুধিয়ে যতো ভুল
বিভেদের রেখা মুছে দিয়ে বলো
মোরা এক বৃন্তের ফুল।
জাহাঙ্গীর আলম
০২.০৯.২৬
উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন