প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫১
শোভাযাত্রা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এসব অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী কালীবাড়ী নাটমন্দির প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে। বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি পরিমল তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুশল রাজ পালের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
.jpg)
আলোচনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ ইসকনের প্রধান রাধেশ্যাম প্রভু, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি নারায়ণ চক্রবর্তী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাস, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ পদ দাস, সিলেট এসএমপির অতিরিক্ত পুলিশ সুপার নির্মল চক্রবর্তী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সহসভাপতি কলি তালুকদার আরতি এবং সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় প্রমুখ।
অনুষ্ঠানে সদর মডেল থানার (সার্কেল) চাতক চাকমা, ওসি রতন সেখ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক অশোক তালুকদার, পূজা ফ্রন্ট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রামকৃষ্ণ তালুকদার সবুজ নেতৃবৃন্দরা।
দিনের শুরুতে সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দুপুর ১২টায় কালীবাড়ী নাটমন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের আলফাত স্কয়ারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
.jpg)
আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথির তাৎপর্য ও ধর্মীয় মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই দুই দিনব্যাপী আয়োজন। শনিবারও (৫ সেপ্টেম্বর) মাঙ্গলিক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তায় ডিবি, র্যাব ও সদর মডেল থানার সমন্বয়ে গঠিত পুলিশের একটি বিশেষ টিম নিয়োজিত ছিল। আইন—শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন সেখ জানান, জেলা পুলিশ সুপার মহোদয়ের তদারকি ও দিকনির্দেশনায় সবকটি কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন