জামালগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, বিক্ষোভ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৭

চাঁদাবাজির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় একটি চক্র অপপ্রচার করছে: ফারুকী

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে অটো ও ইজিবাইক শ্রমিকদের কাছ থেকে দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন সাচনা বাজার—বেহেলী রোড ইজিবাইক সমবায় শ্রমিক সমিতির নেতাকর্মীরা। তবে অভিযুক্ত জালাল উদ্দীন ফারুকী বলছেন, চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আওয়ামী লীগ ও বিএনপির একটি চক্র একত্র হয়ে অপপ্রচার চালাচ্ছে।

 


‎রবিবার দুপুরে সাচনা বাজার—বেহেলী রোড সিএনজি স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল ভান্ডারি ত্রিমুখী পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়। ‎‎পথসভায় বক্তব্য দেন সমিতির সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, প্রচার সম্পাদক হক মিয়া, উপদেষ্টা নজরুল ইসলাম ও স্বপন কুমার পালসহ অন্যান্যরা।


‎বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সরকারি নিবন্ধন ও অনুমোদন নিয়ে সাচনা বাজার—বেহেলী রোড ইজিবাইক সমবায় শ্রমিক সমিতি শ্রমিকদের কল্যাণে কাজ করে আসছে। তবে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জালাল উদ্দীন ফারুকী ওই স্ট্যান্ড থেকে নিয়মিত চাঁদা দাবি করছেন বলে অভিযোগ তাদের।

 


‎তাদের আরও অভিযোগ, চাঁদার টাকা না দিলে বিভিন্ন অটো ও ইজিবাইক চালক এবং ম্যানেজারকে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি চাঁদা না দিলে স্ট্যান্ড থেকে অটো ও ইজিবাইক চলাচলে বাধা দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন বক্তারা।

 


‎পথসভায় বক্তারা প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একইসঙ্গে তারা অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
‎বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদা দাবি ও শ্রমিকদের হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতির অবনতি হতে পারে।

 


বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকী বলেন, জামালগঞ্জে ইজিবাইক ও রিকশা থেকে অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আওয়ামী লীগ ও বিএনপির একটি চক্র একত্র হয়ে অপপ্রচার চালাচ্ছে। আমাকে তথ্য দেয়া রিকশাচালককে ডেকে নিয়ে বেধড়ক মারধর করা হয় এবং তাঁর দাঁত ভেঙে দেওয়া হয়েছে। আহত রিকশাচালক হাসপাতালে চিকিৎসা শেষে থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার পর পরিস্থিতি জটিল আকার ধারণ করে। পরে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ঘটনাটির জন্য আমাকে দায়ী করে পোস্ট দেওয়া হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে।

 


জালাল উদ্দীনের দাবি, আওয়ামী লীগ ও বিএনপির কিছু লোক মিলে গড়ে উঠা একটি চক্র বিষয়টি তার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এমনকি বাজারে তার বিরুদ্ধে মহড়া দেওয়া হয়েছে এবং তাকে হুমকি প্রদান করা হয়েছে। তিনি জানান, নিজের জানমালের নিরাপত্তা চেয়ে আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরার কথা জানিয়েছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার