মাদকের আগ্রাসন মোকাবিলায় তরুণদের স্বেচ্ছাসেবী কার্যক্রম

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৬

সুনামগঞ্জ শহরের স্বেচ্ছাসেবী তরুণদের উদ্যোগে গঠিত সামাজিক সংগঠনের কার্যক্রমে প্রকাশ্যে কমছে মাদক ব্যবসায়ীদের তৎপরতা। তবে স্বেচ্ছাসেবী তরুণদেরও রয়েছে বিচিত্র অভিজ্ঞতা। মাদক বিরোধী ঐক্য পরিষদ নামের সংগঠনের একজন সংগঠক বললেন,‘আইন—শৃঙ্খলা বাহিনীকে যুক্ত করে অভিযানে গেলে হাতে—নাতে পাওয়া কঠিন হয়, আমরা নিজেরা গেলে মিথ্যা অভিযোগ হয়।’ তবে মাদক বিরোধী সংগঠন এবং আইন—শৃঙ্খলা বাহিনীর যৌথ চেষ্টায় মাদকের বিস্তার কমে আসবে দাবি পুলিশ ও স্বেচ্ছাসেবীদের।

 


মাদক বিরোধী ঐক্য পরিষদের সভাপতি আবু সালেক বললেন, গেল বৃহস্পতিবার শহরতলির মাদক স্পট ইব্রাহিমপুরের যোরহানের ঘরে ভারতীয় মদ থাকে, ওখান থেকে শহরের তরুণরা এসে মদ নিয়ে যায়। খবর পেয়ে ওখানে যাই আমরা। পরে সে যোরহান থানায় অভিযোগ দিয়েছে, তার কাছ থেকে ৮০ হাজার টাকা নিয়েছি। এই অভিযোগের তদন্ত চলছে। এরপর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আইন—শৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযানে যাব না। এইদিন বাসু দাস নামে একজন ইয়াবা বিক্রেতাকে ইব্রাহিমপুর থেকে হাতে—নাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।

 


মাসখানেক আগে শহরের হাছননগরের একজন সাবেক মহিলা কমিশনারের বাসভবনে গাঁজা—ইয়াবা সেবনের আড্ডা বসে জেনে আমরা ওখানে যাই। পরে ওই মহিলা কমিশনার পুলিশ ও সাংবাদিকদের কাছে গিয়ে নালিশ করেছেন আমরা কোন এক নারীর শ্লীলতাহানি ঘটানোর চেষ্টা করেছি। সেলিম আহমদ নামের একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে মল্লিকপুর উপজেলা পরিষদের সামনে থেকে ধরে পুলিশে দিয়েছে আমাদের সংগঠন। শহরতলির ইকবাল নগরে মাদকের আস্থানা ছিল, আমরা ওখানে গিয়ে আট জনকে ধরে পুলিশে দিয়েছি। শুক্রবার আমাদের সংগঠনের সদর উপজেলা শাখার সেক্রেটারী নাদিম রহমান নাদিম তার মাদকাসক্ত চাচাকে পুলিশে তুলে দিয়েছে। সে অনেক আগে থেকেই তার চাচার উৎপাতের কথা আমাদের জানিয়ে আসছিল।
কেবল মাদক বিরোধী ঐক্য পরিষদ নয় পাড়া—মহল্লাসহ ও গ্রামীণ পর্যায়ে যুবসমাজ এবং সাধারণ মানুষের উদ্যোগে মাদকবিরোধী সংগঠন গড়ে ওঠেছে। সামাজিক এই বয়কটের মুখে পড়ে দৌরাত্ম কমছে মাদকসেবী ও ব্যাবসায়ীদের।

 


সুনামগঞ্জ শহরের বড়পাড়া উইনার ক্লাবের সহ—সভাপতি হুশিয়ার আলম বলেন, আমরা আরও তিন বছর আগে থেকেই মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছি, কোন ক্লবা ছাড়াই আমরা এই কার্যক্রম করেছি। বারবার মানুষ কে সর্তক করেছি, অনেকের হাতে—নাতে ধরেছি। আইনের কাছে সোপর্দ করেছি, বুঝানোর চেষ্টা করেছি। তবে কিছু কিছু ক্ষেত্রে কর্যক্রম পরিচালনা করতে বাঁধায় পড়েছি। সামাজিকভাবে শক্তিশালী হওয়ায় এগুলো কোন সমস্যা হয় নি। হাতে গাঁজা, ইয়বাসহ ১৫ থেকে ২০ জনকে পুলিশের কাছে দিয়েছি। 

 


বড়পাড়া উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যাবসাী বা যারা আসক্ত তাদের কে বাসায় বাসায় গিয়ে ধমক ধাবানি দিয়ে বুঝানোর চেষ্টা করা হচ্ছে। এমপি সাহেবের (অ্যাড. নুরুল ইসলাম নুরুল) কাছ থেকেও সহযোগিতা পাচ্ছি। এলাকার ভালো ছেলেরা সবাই এই কাজে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করে।

 


জেলা মাদক বিরোধী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আল জিসান বলেন, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত যারা, তাদের কে টার্গেট করে এদের সহযোগিতায় মাদক ব্যবসায়ীদের পুলিশে দিচ্ছি। মাদকাসক্ত ব্যক্তি আত্মীয় হলে তাকে আগেই পুলিশে দেবার চেষ্টা হচ্ছে। ইসলামপুর গোয়াচোরা এলাকার এক সদস্য তার আপন ফুফাকে ধরিয়ে দিয়েছে। 

 


সচেতন নাগরিক কমিটির সহ—সভাপতি খলিল রহমান বললেন, আমি এই সামাজিক আন্দোলনকে ইতিবাচকভাবেই দেখছি। তবে সবকিছুই করতে হবে আইনের মধ্যে থেকে। এই সামাজিক আন্দোলন মূলত সরকার কে সহযোগিতার জন্যে, সচেতনতা বৃদ্ধির জন্যে। এমন কোন কাজ করা যাবে না যেটি সামাজিকভাবে অন্য কেউ হয়রানির শিকার হন, অনেহ্য আচরণের শিকার হয়। যারা মাদক ধমনে কাজ করেন, তাদের কে সহযোগিতা করার জন্যই মূলত এই কর্মকান্ড। যাই করবেন উনারা সেটি আইনের মধ্যে থেকে করতে হবে।

 

 


সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন সেখ বলেন, যুবকরা এগিয়ে আসছে, মাদক ব্যাবসায়ীদের মাঝা (কোমর) ভেঙ্গে গেছে, এটি যুবকদের কারণেই সম্ভব হচ্ছে। তারা স্বেচ্ছাশ্রম দিচ্ছে আমাদের জন্য। তবে সামাজিক সংগঠনে দুয়েকজন খারাপ লোক ঢুকে গেছে। তাদের বাদ দেবার জন্য বলেছি। না হয় ওরা সমালোচনায় পড়বে।

 


অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সঞ্জয় সরকার বললেন, সামাজিক ঐক্যবদ্ধতা পুলিশের কাজকে সহজ করছে। মাদকের বিরুদ্ধে সমাজে আওয়াজ ওঠেছে। জুলাই মাসে জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৯ টি মামলা হয়েছে। আগস্টে হয়েছে ৫৮ টি। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স অবস্থান রয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার