ফোয়ারায় পানি ২০ বছর পর!

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩৩

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমনে সিলেটজুড়ে কয়েকদিন ধরেই চলছিল পরিষ্কার—পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। সেই কাজের অংশ হিসেবে সিলেট সার্কিট হাউসসংলগ্ন সুরমা নদীর পাড়ের ওয়াকওয়ে একদম ঝকঝকে হয়ে গেছে। এরই সঙ্গে প্রায় ২০ বছর পর সুরমা নদীর পাড়ের ফোয়ারায় পানি এসেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকেই সুরমা নদীর পাড়ের নান্দনিক ফোয়ারায় পানি প্রবাহিত হচ্ছিল। ফোয়ারায় পানি দেখে সুরমা নদীর পাড়ে থাকা গণমাধ্যমকর্মীরাও আশ্চর্য হয়েছেন।

 


সিলেট সার্কিট হাউসের সামনে পেশাগত দায়িত্ব পালন করা বার্তা টুয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি মশাহিদ আলী বলেন, ‘আমি নিয়মিত এই সুরমা নদীর পাড়ে আসি। কিন্তু গত ১০ বছরের মধ্যে এই পানির ফোয়ারা কখনো চালু হতে দেখিনি। তাই আজ যখন ফোয়ারায় পানি দেখলাম, তখন আশ্চর্য হয়েছি।’ 

 


জানা যায়, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে সুরমা নদীর উত্তর পাড়ে (চাঁদনীঘাট এলাকায়) সৌন্দর্যবর্ধনের জন্য ৫ কোটি ৭২ লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে নদীর পাড়ে ওয়াকওয়ে, স্টিলের রেলিং ও নান্দনিক পানির ফোয়ারা নির্মাণ করা হয়। ২০০৩ সালে তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে প্রকল্পের কাজ শেষে ২০০৫ সালে তিনি সুরমা নদীর পাড় এলাকার উদ্বোধন করেন।
মূলত সিলেটের সুরমা নদীর পাড়কে নাগরিক বিনোদনের উপযোগী করে গড়ে তোলার প্রথম বড় উদ্যোগ ছিল এটি। এম সাইফুর রহমানের নির্দেশনায় কিন ব্রিজ ও আলী আমজদের ঘড়িসংলগ্ন চাঁদনীঘাট এলাকায় আধুনিক নকশার পাকা ওয়াকওয়ে এবং নদীঘেঁষে সুরক্ষামূলক দৃষ্টিনন্দন স্টিলের রেলিং স্থাপন করা হয়। ধীরে ধীরে স্থানীয়দের কাছে সুরমার তীরের এই উন্মুক্ত স্থানটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে এটি সিলেটের অন্যতম উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্র। দেশ—বিদেশ থেকে আসা দর্শনার্থীরা সুরমা নদীর তীরে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী কিন ব্রিজ ও আলী আমজদের ঘড়িঘর দেখে যান।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার